সংবাদদাতা, সিউড়ি: সিউড়ি শহরে পুরসভার উদ্যোগে শুরু হল আম্রুত-২ প্রকল্পের কাজ। রবিবার এই প্রকল্পের অধীনে একটি নতুন ওভার হেড জলের ট্যাঙ্ক তৈরি শুরু হল সিউড়ির আবদারপুরে। এদিন সেখানে একটি অনুষ্ঠানের মাধ্যমে জলের ট্যাঙ্কের ঢালাই শুরু হয়। সূচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিউড়ি পুরসভার চেয়ারম্যান উজ্জ্বল চট্টোপাধ্যায়, পুরসভার ইঞ্জিনিয়ারিং বিভাগের আধিকারিক এবং শহরের বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলাররা। সিউড়ি পুরসভা সূত্রে জানা গিয়েছে, আম্রুত-২ প্রকল্পের জন্য ৮৪ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। প্রকল্পের কাজ সম্পূর্ণ হলে সিউড়ি পুরসভার ২১টি ওয়ার্ডের পানীয় জলের সমস্যা অনেকখানি মিটবে বলে আশাবাদী পুর কর্তৃপক্ষ। এই প্রকল্প শেষ হলে শহরের প্রায় ২৬ হাজারের বেশি নতুন পরিবারে পানীয় জলের সংযোগ পৌঁছে দেবে পুরসভা। নির্মীয়মাণ জলের ট্যাঙ্কের ধারণ ক্ষমতা প্রায় ছয় লক্ষ লিটার। শহরের হাটজন বাজার, পুলিস লাইন, এসপি মোড়ে আরও তিনটি ধরে মোট চারটি নতুন জলের ট্যাঙ্ক তৈরি হতে চলছে। সব থেকে বড় ট্যাঙ্ক তৈরি হবে এসপি মোড়ে। যার জল ধারণ ক্ষমতা হবে ১৩ লক্ষ লিটার। আগামী ফেব্রুয়ারি মাসে এই প্রকল্পের উদ্বোধন করার সম্ভাবনা রয়েছে মুখ্যমন্ত্রীর।
Advertisement
উল্লেখ্য, সিউড়ি শহরের ৩, ১৭, ১৬, ২ সহ একাধিক ওয়ার্ডের একাংশে পানীয় জলের সমস্যা রয়েছে। গত পুরসভা নির্বাচনের আগে সিউড়ির আশেপাশে বিভিন্ন পঞ্চায়েত সিউড়ি পুরসভার সঙ্গে যুক্ত হয়েছিল। ফলে পুরসভার ওয়ার্ড সংখ্যা ১৯ থেকে বেড়ে হয়েছে ২১। পুরসভার দাবি, সংযোজিত এলাকার বাসিন্দারাও এই প্রকল্পে পানীয় জল পাবেন। বর্তমানে পুরসভার উদ্যোগে শহরের ১১ হাজার পরিবারকে পাইপ লাইনের মাধ্যমে পানীয় জল দেওয়া হয়। এরপর আরও ২৬ হাজার পরিবারকে নতুন প্রকল্পের মাধ্যমে পানীয় জল দেওয়া হবে। পরিবার পিছু ২০০ লিটার করে প্রতিদিন জল দেওয়া হবে বিনামূল্যে। সিউড়ি পুরসভার এই উদ্যোগে খুশি শহরবাসী।
পুর চেয়ারম্যান বলেন, এই জল প্রকল্পে শহরের পানীয় জলের সমস্যা মিটে যাবে। পানীয় জলের সমস্যা রয়েছে, এমন এলাকা চিহ্নিত করে জলের সংযোগ দেওয়া হবে। এছাড়া পুরসভায় সংযোজিত এলাকাতেও জল পৌঁছে দেওয়া হবে। আগামী কয়েকদিনের মধ্যেই পাইপ লাইন পোঁতার কাজ শুরু হবে। তার জন্য রাস্তাঘাট খোড়াখুড়ি করতে হবে। তাই শহরবাসীর কাছে আবেদন, পুরসভার কাজে যেন তাঁরা সহযোগিতা করেন।