Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

সিউড়ি শহরে প্লাস্টিক ক্যারিব্যাগ রুখতে অভিযান

সিউড়ি শহরে প্লাস্টিক ক্যারিব্যাগ রুখতে অভিযান
  • ১৮ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, সিউড়ি: প্রশাসনিক নিষেধাজ্ঞাকে বুড়ো আঙুল দেখিয়ে সিউড়ি শহরে নিষিদ্ধ প্লাস্টিক ক্যারিব্যাগ ব্যবহার হচ্ছে। সোমবার সকালে জেলা পুলিসের এনফোর্সমেন্ট ব্রাঞ্চের তরফে এই পলিব্যাগ ব্যবহার বন্ধে অভিযান চালানো হয়। শহরের ফল ও মাছবাজার থেকে বিপুল পরিমাণ ক্যারিব্যাগ বাজেয়াপ্ত করা হয়েছে। সেইসঙ্গে ব্যবসায়ী ও ক্রেতাদের সতর্ক করা হয়। এনফোর্সমেন্ট ব্রাঞ্চের ডিএসপি স্বপনকুমার চক্রবর্তী বলেন, পুলিস সুপারের নির্দেশে অভিযান চলছে। এদিন বেশকিছু ক্যারিব্যাগ বাজেয়াপ্ত করা হয়েছে। আমরা ব্যবসায়ীদের সতর্ক করেছি। এরপরও পলিব্যাগের ব্যবহার বন্ধ না হলে কড়া পদক্ষেপ করা হবে।
Advertisement
পরিবেশরক্ষায় রাজ্যের বিভিন্ন প্রান্তের মতো সিউড়ি শহরেও প্লাস্টিক ক্যারিব্যাগের ব্যবহার নিষিদ্ধ ঘোষণা হয়েছিল। এনিয়ে জোরকদমে প্রচার চালানো হয়। পুরসভা শহরে অভিযানও চালিয়েছিল। কিন্তু পুরসভার নজরদারি শিথিল হতেই ফের প্লাস্টিক ক্যারিব্যাগের ব্যবহার বাড়তে শুরু করেছে। সব্জি ও মাছের বাজার, ফল ও মিষ্টির দোকানেও প্লাস্টিক ক্যারিব্যাগের ব্যবহার চলছে। এঘটনায় সিউড়ি পুরসভার ভূমিকা নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছেন।
এদিন শহরের টিনবাজার, স্থানীয় মাছের বাজার ও বাসস্ট্যান্ড লাগোয়া ফলের দোকানে অভিযান চালানো হয়েছিল। বাজেয়াপ্ত করা পলিব্যাগের পরিমাণ প্রায় ২০কেজি। সেসব নষ্ট করে দেওয়া হয়েছে। সব্জি ব্যবসায়ী মুক্তি মণ্ডল বলেন, আমরা প্ল্যাস্টিক ক্যারিব্যাগ ব্যবহার করতে চাই না। কিন্তু ক্রেতারা সব্জি কিনতে এলেই ক্যারিব্যাগ চান। উপায় না থাকায় আমরা এটা ব্যবহার করছি। খোলা বাজারে পাওয়া না গেলে আমরাও পলিব্যাগ ব্যবহার করব না। ক্রেতা ঝন্টু মাঝি বলেন, ব্যবসায়ীরা দিচ্ছেন বলেই আমরা নিচ্ছি। পলিব্যাগ ব্যবহার বন্ধ করতে হলে প্রথমেই বাজারে সেগুলির আমদানি বন্ধ করা প্রয়োজন। পলিব্যাগ উৎপাদন বন্ধ করা হোক। পুরসভার চেয়ারম্যান উজ্জ্বল চট্টোপাধ্যায় বলেন, এনফোর্সমেন্ট ব্রাঞ্চের উদ্যোগ খুবই ভালো। আগামী দিনে পুরসভার তরফেও এরকম অভিযান চালানো হবে। পলিব্যাগের ব্যবহার রুখতে এবার সিউড়ি মহকুমা প্রশাসনও ময়দানে নামতে চলেছে। খুব তাড়াতাড়ি বিভিন্ন এলাকায় অভিযান চালানো হবে।
Advertisement
সম্পর্কিত সংবাদ