সংবাদদাতা, সিউড়ি: সিউড়ি শহরের সার্বিক উন্নয়ন নিয়ে এবার হাল ধরলেন অনুব্রত মণ্ডল। সেইসঙ্গে সিউড়ি শহরে দলের সাংগঠনিক পরিস্থিতি খতিয়ে দেখলেন তিনি। বুধবার সিউড়িতে তৃণমূলের পার্টি অফিসে দলীয় বিধায়ক, পুরসভার চেয়ারম্যান ও কর্মীদের সঙ্গে বৈঠক করেন জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। গোরু পাচার মামলায় দীর্ঘদিন জেলায় ছিলেন না তিনি। তারপর জেলায় ফিরে ধীরে ধীরে সাংগঠনিক দায়িত্ব নিজের হাতে নিচ্ছেন কেষ্ট।
Advertisement
তৃণমূল সূত্রে জানা গিয়েছে, বৈঠকে সিউড়ি শহরের সার্বিক উন্নয়নের বিষয় নিয়ে আলোচনা হয়েছে। শহরের বিভিন্ন জায়গায় পানীয় জল, রাস্তাঘাট, নিকাশি ব্যবস্থা নিয়ে খোঁজখবর নেন অনুব্রত। সেইসঙ্গে তাঁর অনুপস্থিতিতে হয়ে যাওয়া একাধিক নির্বাচনের ফলাফল নিয়েও কর্মীদের সঙ্গে আলোচনা হয়। শহরের উন্নয়নমূলক কাজ কতটা স্বচ্ছতা মেনে হচ্ছে সেই বিষয়টি খতিয়ে দেখেন তিনি। তিনি সিউড়ির বিধায়ক বিকাশ রায়চৌধুরীকে প্রতিটি উন্নয়নমূলক কাজ ঘটনাস্থলে পৌঁছে সরেজমিনে খতিয়ে দেখার পর ডিপিআর তৈরির ব্যাপারে নজর রাখার নির্দেশ দেন। এছাড়া কোনও রাস্তা খারাপ থাকলে তা অগ্রাধিকার দিয়ে মেরামতের নির্দেশ দেন তিনি। অর্থাৎ দুর্নীতি রুখে শহরের সার্বিক উন্নয়নের জন্য কড়া নির্দেশ দিয়েছেন অনুব্রত।
বিকাশবাবু বলেন, দীর্ঘদিন পর অনুব্রত মণ্ডল সিউড়িতে সাধারণ মানুষের উন্নয়নের স্বার্থে একটি বৈঠক করেছেন। শহরের সার্বিক উন্নয়ন নিয়ে বিভিন্ন আলোচনা হয়েছে। এছাড়াও সাংগঠনিক শক্তি আরও কীভাবে বাড়ানো যায় তা নিয়েও তিনি নির্দেশ দিয়েছেন। সব বিষয়েই তিনি নজর রাখবেন।