Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

সিউড়ি শহরে বাসস্ট্যান্ডের দু’টি জলের ট্যাঙ্ক অচল, দুর্ভোগে

সিউড়ি শহরে বাসস্ট্যান্ডের দু’টি জলের ট্যাঙ্ক অচল, দুর্ভোগে
  • ২৮ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা,  সাঁইথিয়া:  জলের অপর নাম জীবন। কিন্তু বীরভূম জেলার সদর শহর সিউড়ির নেতাজি সুভাষ বাসট্যান্ড চত্বরে থাকা  পানীয় জলের একটি ট্যাঙ্ক খারাপ। অপরটি নোংরা আবর্জনা ও বিভিন্ন পোস্টারে মুখ ঢেকেছে। ফলে, যাত্রীদের পানীয় জল কিনে খেতে হচ্ছে। তাঁরা অবিলম্বে পানীয় জলের ট্যাঙ্কগুলি সংস্কারের দাবি জানিয়েছেন। এলাকার ব্যবসায়ীদের  অভিযোগ, বাসস্ট্যান্ডের মধ্যে থাকা দুটি পানীয় জলের ট্যাঙ্কের চারপাশ নোংরা আবর্জনায় ভরে গিয়েছে। ট্যাঙ্কের সামনে বাইক, সাইকেল এমনভাবে রাখা থাকে জল নিতে যাওয়ার রাস্তা থাকে না। জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা বাসযাত্রীদের পিপাসা পেলেও ট্যাঙ্কের চারপাশে অস্বাস্থ্যকর পরিবেশ দেখে কেউ জল খেতে সাহস পান না। বাধ্য হয়ে তাঁরা জল কিনে খান। পুরসভার দাবি,  পুরসভার পক্ষ থেকে কয়়েকদিন আগে একটি ট্যাঙ্ক সংস্কার করা হয়। কিন্তু সংস্কার করা হলেও ট্যাঙ্কের চারপাশে ময়লা আবর্জনা ও অস্থায়ী দোকান থাকায় অধিকাংশ সময়ই অপরিষ্কার থাকে। যার কারণে সচরাচর কেউ  ট্যাঙ্ক থেকে জল পান করে না।  
Advertisement
বাসস্ট্যান্ড চত্বরে থাকা  দুটি ট্যাঙ্কের  মধ্যে একটি অনেকদিন ধরে অকেজো হয়ে পড়ে রয়েছে। আর একটি ট্যাঙ্কের জল পান করলে মানুষ অসুস্থ হয়ে পড়তে পারে। বাসস্ট্যান্ডের ব্যবসায়ীদের দাবি, বিগত কয়েক বছর ধরে জল আসে না এই ট্যাঙ্কগুলিতে। ট্যাঙ্কগুলিতে জল সরবরাহের দায়িত্ব সিউড়ি পুরসভার। পুরসভাকে এই বিষয়ে বারবার জানানো সত্ত্বেও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। এক ব্যবসায়ী শেখ সাবুল জানান, একটি ট্যাঙ্ক থেকে পাঁচ-সাত বছর ধরে জল পড়তে দেখিনি। ট্যাঙ্কগুলি বর্তমানে কার্যত আবর্জনা ফেলার জায়গায় পরিণত হয়েছে। সাবুল সাহেব বলেন, গরমকালে যাত্রীরা দুর্ভোগে পড়েন। সিউড়ি পুরসভার চেয়ারম্যান উজ্জ্বল চট্টোপাধ্যায় বলেন, পুরসভার পক্ষ থেকে শুধু বাসস্ট্যান্ড নয়, গোটা শহরে পানীয় জলের সমস্যা সমাধানের জন্য ব্যবস্থা নেওয়া হচ্ছে। বাসস্ট্যান্ডে জল ট্যাঙ্ক দুটি বেশ কয়েকবার সংস্কার করা হয়েছিল। ট্যাঙ্কগুলিতে নতুন কল লাগানো হলেও সেগুলি রাতের অন্ধকারে চুরি হয়ে যাচ্ছে।
সম্পর্কিত সংবাদ