Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

সিউড়ি, রামপুরহাট ও বোলপুর পুরসভা, চেয়ারম্যান বদল ঘিরে জল্পনা

সিউড়ি, রামপুরহাট ও বোলপুর পুরসভা, চেয়ারম্যান বদল ঘিরে জল্পনা
  • ২৫ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, সিউড়ি: লোকসভা নির্বাচনে লিড না দিতে পারায় বীরভূমের তিন পুরসভার চেয়ারম্যান বদল নিয়ে জল্পনা শুরু হয়েছে জেলাজুড়ে। সিউড়ি, রামপুরহাট ও বোলপুর পুরসভায় চেয়ারম্যান পদে নতুন মুখ আসার সম্ভাবনা জোরালো হয়েছে। জেলা তৃণমূলের কোর কমিটি নিয়েও নানা জল্পনা চলছে। 
Advertisement
উল্লেখ্য, গত লোকসভা নির্বাচনের আগে তৃণমূলের রাজ্য নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় লোকসভা ভোটের আগে বলেছিলেন, নিজেদের এলাকায় ভালো ফল না করতে পারলে এবার সরিয়ে দেওয়া হবে পদাধিকারীদের। ভোটের ফল প্রকাশের পর দেখা যায়, জেলার তিনটি পুরসভা সিউড়ি, বোলপুর ও রামপুরহাটে অনেক পিছিয়ে রয়েছে শাসক দল তৃণমূল কংগ্রেস। তাই এই তিন পুরসভার চেয়ারম্যান বদল হবে বলে জল্পনা শুরু হয়েছে। 
এদিকে অনুব্রত মণ্ডল জেলায় ফেরার পর তিনি আগের মতো একই দায়িত্বে বহাল থাকবেন কিনা সেই নিয়েও কর্মীদের মধ্যে উৎকণ্ঠা ছিল। যদিও রাজ্য তৃণমূলের পক্ষ থেকে অনুব্রতর সম্মানে তাঁর জায়গায় কাউকেই বসানো হয়নি। তাঁকেই সভাপতির পদে রাখা হলেও কিছুদিন আগে তাঁকে কোর কমিটিতে রাখার কথা ঘোষণা হয় তৃণমূলের পক্ষ থেকে। সেখান থেকেই ফের কর্মীদের মধ্যে শুরু হয়েছে নতুন জল্পনা। 
জেলার প্রথম সারির তৃণমূল নেতাদের অনেকে প্রকাশ্যে এখনই কিছু না বললেও তাঁরা জানাচ্ছেন, তৃণমূলের দলীয় ওয়েব সাইট ও অন্যান্য নথিতে তৃণমূল জেলা সভাপতির পদ খালি হতে পারে আবারও। অর্থাৎ অনুব্রত মণ্ডল শুধুমাত্র কোর কমিটির একজন সদস্য হিসেবে দলের দায়িত্ব পালন করবেন। জেলা সভাপতির পদ খালি থাকতে পারে। এছাড়াও জেলার বিভিন্ন পঞ্চায়েতের প্রধান, পঞ্চায়েত সমিতির সদস্যদের পরিবর্তন করা হতে পারে। সেই সঙ্গে পরবর্তী কয়েকদিনের মধ্যেই তৃণমূলের যুব, ছাত্র সহ একাধিক সাংগঠনিক পদেও বদলের সম্ভাবনা নিয়ে জল্পনা শুরু হয়েছে। তবে জেলার তিন পুরসভার চেয়ারম্যান বদলের জল্পনা জোরালো হচ্ছে। কারণ তৃণমূল নেতাদের মতে, যেসব জায়গায় বদল হবে তা শুধুমাত্র লোকসভা নির্বাচনের ফলাফলের নিরিখেই করা হবে। সেক্ষেত্রে সিউড়ি পুরসভার চেয়ারম্যান উজ্জ্বল চট্টোপাধ্যায় তাঁর নিজের ওয়ার্ডেই পিছিয়ে রয়েছেন বলে জানা গিয়েছে। তবে বর্তমান চেয়ারম্যানদের সরানোর পর কাদের সেই দায়িত্বে আনা হবে সে নিয়েও একাধিক নাম ঘুরছে তৃণমূল নেতাকর্মীদের মুখে মুখে। সে ক্ষেত্রেও কাজের স্বচ্ছতা, সাংগঠনিক শক্তি, সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ ইত্যাদি নানান বিষয় দেখা হবে বলে জানা গিয়েছে। আজ, সোমবার কালীঘাটে একটি দলীয় বৈঠকের পরই সেই সিদ্ধান্তের কথা ঘোষণা করা হতে পারে বলে জানাচ্ছেন জেলার তৃণমূল নেতাদের অনেকে। তবে এই নিয়ে প্রকাশ্যে সংবাদ মাধ্যমের সামনে মুখ খুলতে নারাজ দলীয় নেতাকর্মীরা। 
জেলা তৃণমূলের আহ্বায়ক তথা সিউড়ির বিধায়ক বিকাশ রায়চৌধুরী বলেন, বেশকিছু পদে বদল হবে সেটা তো আমরাও শুনেছি। এই বদলের সিদ্ধান্ত শুধু মাত্র রাজ্য নেতৃত্ব নিতে পারে। কারা পরবর্তী কালে সেই পদে বসবেন সেটাও রাজ্য নেতৃত্ব ঠিক করবেন। আমরাও সেই সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছি। তবে যাই পরির্বতন হোক না কেন, তা হবে লোকসভা ভোটের ফলাফলের নিরিখে।   
সম্পর্কিত সংবাদ