নিজস্ব প্রতিনিধি, সিউড়ি: সিউড়ি সদর হাসপাতালের পুরনো ভবনের দেওয়ালে ফাটল ধরেছে। এর জেরে বিপদের আশঙ্কা করছেন সেখানে আসা রোগী ও তাঁদের আত্মীয়রা। জেলা স্বাস্থ্যদপ্তর জানিয়েছে, ভবন সংস্কারের জন্য বিষয়টি রাজ্যস্তরে জানানো হয়েছে। সিউড়ি শহরে সদর হাসপাতাল চত্বরেই বহুতল সুপারস্পেশালিটি হাসপাতাল গড়ে উঠেছে। এখন সুপারস্পেশালিটির ১০তলা বিল্ডিংয়ে সুপারের অফিস সহ জরুরি বিভাগ ও একাধিক ওয়ার্ড রয়েছে। পুরোনো বিল্ডিংয়ে শিশু ওয়ার্ড, নিউনেটাল কেয়ার ইউনিট, টিকাকরণ ও প্রসূতি বিভাগ, বহির্বিভাগ ও টিকিট কাউন্টার রয়েছে। ওই পুরনো ভবনের কিছু অংশের দেওয়ালে ফাটল ধরেছে। কোথাও আবার দেওয়ালের গা ঘেঁষে গাছ গজিয়ে উঠেছে। এনিয়ে রোগীর আত্মীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।



