নিজস্ব প্রতিনিধি, বহরমপুর: সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের স্ট্যাম্প নকল করে একাধিক দুর্নীতির অভিযোগ পেয়ে নড়েচড়ে বসল মুর্শিদাবাদ জেলা প্রশাসন। জেলাজুড়ে এবার রবার ও পলিমার স্ট্যাম্প তৈরির দোকানগুলিকে রেজিস্ট্রেশনের আওতায় আনা হচ্ছে। নির্দিষ্ট নিয়ম মেনে জেলার প্রতিটি রবার স্ট্যাম্পের দোকানকে রেজিস্ট্রেশন করতে হবে। বুধবার এই নির্দেশিকা জারি করেছেন মুর্শিদাবাদের জেলাশাসক। অনিয়ন্ত্রিত ভাবে রবার স্ট্যাম্প এবং পলিমার স্ট্যাম্প তৈরি এবং বিক্রির ফলে জালিয়াতি এবং অপরাধমূলক কাজ করতে পারছে দুষ্কৃতীরা। তাতে লাগাম টানতেই নির্দিষ্ট পদ্ধতি মেনে রেজিস্ট্রেশন প্রক্রিয়া চলবে বলে জানা গিয়েছে। পাশাপাশি যে থানায় এলাকায় রবার স্ট্যাম্পের দোকান আছে সেই থানাকেও জানাতে হবে দোকানের ঠিকানা। জেলাশাসক রাজর্ষি মিত্র বলেন, রবার এবং পলিমার স্ট্যাম্প যারাই বানাক, তাদের এনলিস্টমেন্ট করব আমরা। সরকারি স্ট্যাম্প বানিয়ে কেউ অপব্যবহার করতে যাতে না পারে, তার জন্যই এই ব্যবস্থা। সরকারি স্ট্যাম্প বানাতে গেলে কে অথরাইজেশন দিতে পারে, এমনকী প্রাইভেট কোনও সংস্থা স্ট্যাম্প বানাতে গেলে তাদের কাছ থেকে কী কী কাগজ ওই স্ট্যাম্পের দোকানদার নিতে পারবে, সেই গাইডেন্স আমরা দেব। জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, সরকারি স্ট্যাম্প তৈরি করে নানাভাবে জালিয়াতি চলছে। ইদানিং বেশ কয়েকটি অভিযোগ নজরে এসেছে প্রশাসনের। বেসরকারি সংস্থার নামেও স্ট্যাম্প বানিয়ে ফেলছে অনেকেই। কাগজপত্র যাচাই না করেই যে কোনও কোম্পানির নামে স্ট্যাম্প বানিয়ে দিচ্ছে দোকানিরা। আর তাতেই একজনের বদলে অপরজন সহজেই চালান কাটতে পারছে। এভাবেই স্ট্যাম্প জালিয়াতি বাড়ছে। এই অবৈধ কাজে রাশ টানতে চাইছে জেলা প্রশাসন। জানা গিয়েছে, পুরসভা এলাকায় রবার স্ট্যাম্পের দোকান হলে তাদের ট্রেড লাইসেন্স করতে হবে। গ্রাম পঞ্চায়েত এলাকায় হলে সেল্ফ সার্টিফিকেশন করে আধার কার্ড, প্যান কার্ড সহ ঠিকানা জানাতে হবে স্থানীয় পঞ্চায়েতকে। প্রতিটি দোকানকে নিজের ঠিকানা স্থানীয় থানায় লিখিতভাবে জানাতে হবে। পাশাপাশি, প্রত্যেক দোকানদারকে এগজিকিউটিভ ম্যাজিস্ট্রেটের কাছে এফিডেভিট করতে হবে। যেখানে তারা জানাবে, প্রতি ছ’ মাস অন্তর যে রবার স্ট্যাম্প তারা বানাবে তার একটা খাতা মেনটেন করা হবে। প্রয়োজনে সেই খাতা দেখবে জেলা প্রশাসনের আধিকারিকরা। এর ফলে কেউ যদি জালিয়াতি করে অন্যের নামে রবার স্ট্যাম্প তৈরি করে নেয়, তাহলে তাকে ধরতে সুবিধা হবে আধিকারিকদের। বুধবারই জেলাশাসকের তরফে জারি করা নির্দেশিকা পুলিস সুপারদের পাঠিয়ে দেওয়া হয়েছে। পাশাপাশি বহরমপুর সদর, লালবাগ, কান্দি, ডোমকল ও জঙ্গিপুর মহকুমা শাসকের দপ্তরেও সেই নির্দেশিকা এসে পৌঁছেছে।



