সংবাদদাতা, কাঁথি: স্কুলের ক্লাসরুমের দেওয়াল যেন আস্ত ট্রেন! বর্তমানে সোশ্যাল মিডিয়ার বাড়বাড়ন্তের যুগে ছেলেমেয়েদের বিদ্যালয়মুখী করতে অভিনব ভাবনা নিল কাঁথির নয়াপুট সুধীরকুমার হাইস্কুল কর্তৃপক্ষ। বিদ্যালয়ের বিবেক ভবন ক্লাসরুমের নবরূপায়ণ ঘটিয়ে তা ট্রেনের আদল দেওয়া হয়েছে। নামকরণ করা হয়েছে ‘বিবেক এক্সপ্রেস’। ট্রেনের তিনটি কামরার গায়ে ৪২টি বইয়ের ছবি আঁকা রয়েছে। দেখলে মনে হতে বাধ্য, ট্রেনটি যেন একটি আস্ত বুকসেল্ফ। মঙ্গলবার বিবেক এক্সপ্রেসের ভার্চুয়ালি উদ্বোধন করেন পুর ও নগরোন্নয়ন দপ্তরের বিশেষ সচিব পূর্ণেন্দু মাজী। স্কুলের দু’টি সাইকেল স্ট্যান্ডের নবরূপায়ণের কাজের সূচনা হয়। এছাড়া সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার দেওয়া হয়। ছেলেমেয়েরা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে। শিক্ষাক্ষেত্রে বিশেষ স্থানাধিকারী ছাত্রছাত্রীদের পুরস্কৃত করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কানাইদিঘি দেশপ্রাণ বিদ্যাপীঠের প্রধান শিক্ষক দিলীপ বেরা, কাঁথির একটি স্বেচ্ছাসেবী সংস্থার কর্ণধার স্বপন পন্ডা, প্রাক্তন ব্যাংক অফিসার সুদীপ মাইতি সহ শিক্ষক-শিক্ষিকারা। বিবেক ভবনের নবরূপায়ণে এক লক্ষ টাকা খরচ হয়েছে। যা দিয়েছেন প্রধান শিক্ষক।



