ছাত্র সংসদ নির্বাচনের দিনক্ষণ ঘোষণা না হলে বিক্ষোভ চলবে, হুঁশিয়ারি পড়ুয়াদের, জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়
  • ২৮ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: ‘চূড়ান্ত সতর্কতা’ও কাজে এল না। কর্তৃপক্ষের হুমকি উড়িয়ে বিক্ষোভেই অনড় জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা। তারা সাফ জানিয়ে দিয়েছেন, ছাত্র সংসদ নির্বাচনের দিনক্ষণ ঘোষণা না হলে আন্দোলন জারি থাকবে। বিক্ষোভ বন্ধে নর্থ ক্যাম্পাসে অবস্থিত গুলিস্তান-ই-গালিব বিল্ডিং এবং গালিব লন খালি করার নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তাও ছাত্রছাত্রীরা মানতে অস্বীকার করেছেন। এর মধ্যেই আবার জারি হয়েছে নতুন নির্দেশিকা—আগের নির্দেশ না মানলে পড়ুয়াদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। একইসঙ্গে এবার সব কোর্সেই অনলাইনে পঠনপাঠন চলবে বলেও জানানো হয়েছে।

Advertisement

গত ১৬ দিন ধরে অচলাবস্থা চলছে জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ে। সেই ২০০৬ সাল থেকে সেখানে ছাত্র সংসদ নির্বাচন হয়নি। সেই কারণে ছাত্র সংসদ পুনর্গঠন এবং নির্বাচনের দাবিতে বিক্ষোভ শুরু করেছেন পড়ুয়ারা। সোমবার বিক্ষোভকারীদের সঙ্গে সমঝোতা চুক্তি করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। পড়ুয়াদের বিরুদ্ধে জারি করা সাসপেনশন ও শোকজ নোটিস প্রত্যাহার এবং নিরাপত্তাকর্মীদের ভূমিকা খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্তও নেওয়া হয়। এর পরিবর্তে আন্দোলনের সময় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় করা পোস্ট সরিয়ে নিতে ও প্রকাশ্যে ক্ষমা চাইতে বলে হয় পড়ুয়াদের। এই সমঝোতা চুক্তি অবশ্য খারিজ করেছে বিক্ষোভকারীদের একাংশ। তাঁদের মতে, ছাত্র সংসদের পুনর্গঠন এবং ছাত্র সংসদ নির্বাচন নিয়ে কোনো সময়সীমা দেওয়া হয়নি। এই সংক্রান্ত স্পষ্ট ঘোষণা না মিললে বিক্ষোভ চলবে। প্রোক্টর এবং সিকিউরিটি অ্যাডভাইসারকে বরখাস্ত করার দাবিও তোলা হয়েছে। রিতিক কুমার নামে এক পড়ুয়া বলেন, ‘বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে ছাত্র সংসদ নির্বাচন নিয়ে নির্দিষ্ট দিনক্ষণের ঘোষণা চাইছি। তবে এই নিয়ে এখনও আমাদের সঙ্গে যোগাযোগ করা হয়নি।’