Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

বেলদার স্কুলে শিক্ষিকাদের সঙ্গে দোলে মেতে ছাত্রীরা

বেলদার স্কুলে শিক্ষিকাদের সঙ্গে দোলে মেতে ছাত্রীরা
  • ১৪ মার্চ, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, বেলদা: বৃহস্পতিবার সকাল থেকে বেলদা প্রভাতী বালিকা বিদ্যাপীঠের ছাত্রী ও শিক্ষিকারা দোলের আনন্দে মেতে উঠলেন। ফাগুনের রং মেখে রঙিন হয়ে উঠল বিদ্যালয় চত্বর। শিক্ষিকাদের সঙ্গে ছকভাঙা একটা দিন কাটাল ছাত্রীরা

Advertisement

শুক্রবার থেকে দোল উপলক্ষে বিদ্যালয়ে ছুটি পড়ে যাবে। তাই বৃহস্পতিবারই পড়ুয়াদের নিয়ে দোলের আনন্দে শামিল হলেন শিক্ষিকারা। সকাল থেকেই নাচগান সহ নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে ছাত্রীরা উৎসবে মেতে ওঠে। অনুষ্ঠানে নারায়ণগড়ের বিধায়ক সূর্যকান্ত অট্ট সহ বিশিষ্ট অতিথিরা উপস্থিত ছিলেন।
বৃহস্পতিবার সকাল থেকে বিদ্যালয় প্রাঙ্গণ রঙিন হয়ে উঠেছিল। পড়ুয়া ও শিক্ষিকাদের মধ্যে দূরত্ব কমাতে বিদ্যালয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। ১৯৫৫ সালে প্রতিষ্ঠিত এই বিদ্যালয়ের বয়স ৭০ পেরিয়ে ৭৫-এর দিকে যাচ্ছে। সেইমতো বিদ্যালয়ে টানা পাঁচবছর নানা অনুষ্ঠান হবে। সম্প্রতি বিদ্যালয়ে প্লাটিনাম জুবিলির প্রারম্ভিক অনুষ্ঠান শুরু হয়েছে। ছাত্রীদের আত্মনির্ভর করে তুলতে বিদ্যালয় কর্তৃপক্ষ নানা উদ্যোগ নিয়েছে। ছাত্রীরা যাতে বিভিন্ন কাজ জানতে পারে, সেজন্য নানা অফিস, আদালত, কারখানায় তাদের ‘এক্সপোজার ভিজিট’-এ নিয়ে যাওয়া হচ্ছে। বিদ্যালয়ে স্মার্ট ক্লাস, লাইব্রেরি প্রভৃতি রয়েছে।
প্রধান শিক্ষিকা লক্ষ্মী দাস অট্ট বলেন, পড়ুয়াদের সঙ্গে শিক্ষিকাদের আত্মিক সম্পর্ক গড়ে তুলতে হবে। যাতে তারা নিজেদের সমস্ত সমস্যার কথা শিক্ষিকাদের জানাতে পারে। পড়ুয়ারা যাতে নিজেদের পৃথিবীর সঙ্গে মানিয়ে নিতে পারে, তারই শিক্ষা দিতে আমাদের স্কুলে নানা আনুষঙ্গিক অনুষ্ঠান আয়োজিত হয়। ছকভাঙা এই দিনে ছাত্রীরা তাদের শিক্ষিকাদের আরও ভালো করে জানতে পারে। আগামী দিনে বিদ্যালয়ে শিক্ষা-সহায়ক এরকম আরও কর্মসূচি হবে।
স্কুলের ছাত্রীরা জানায়, এদিন প্রধান শিক্ষিকা আর অন্য শিক্ষিকাদের সঙ্গে তারা আবির খেলেছে। খুব আনন্দ হয়েছে। প্রতিবছর তারা এভাবে দোল খেলার জন্য আগ্রহী হয়ে থাকবে। শিক্ষিকাদের সঙ্গে হাতের আবির আকাশে ছুঁড়ে তারা গেয়ে ওঠে, ‘মনে মনে পাল তুলে, আমি তুমি সব ভুলে, বসন্ত এসে গেছে’।

Advertisement
সম্পর্কিত সংবাদ