নিজস্ব প্রতিনিধি, পলাশী (মেদিনীপুর): বসন্তে রঙের উৎসবে শামিল হতে ভেষজ আবির তৈরি করে চমক দিল প্রাথমিক বিদ্যালয়ের খুদে পড়ুয়ারা। মেদিনীপুর সদর ব্লকের পলাশী প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ১০০ছাত্রছাত্রী গাজর, পুঁইগাছের বীজ, বিট, অ্যারারুট প্রভৃতি ব্যবহার করে আবির তৈরি করেছে। একাজে তাদের সহযোগিতা করেছেন শিক্ষকরা। গ্রামে রঙের উৎসবে সেই আবির ব্যবহার হবে।বিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, বাজারে আবিরের দাম অনেকটাই বেশি। এছাড়া, সেই আবিরে প্রচুর রাসায়নিক ব্যবহার করা হয়। যা স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। সরকারের তরফেও ভেষজ আবির ব্যবহারের পরামর্শ দেওয়া হচ্ছে। তাই সচেতনতার বার্তা দিতেই ছাত্রছাত্রীরা ভেষজ আবির তৈরি করছে।স্কুলের টিআইসি সৌম্যসুন্দর মহাপাত্র বলেন, ছাত্রছাত্রীদের আবির তৈরির কাজ শেখানো হয়েছে। এরপর তারা নিজেরাই সেটা তৈরি করছে। আমাদের ছাত্রছাত্রীরা খুব মেধাবী।
১৯৭০সালে এই প্রাথমিক বিদ্যালয় চালু হয়। প্রথমদিকে নামমাত্র ছাত্রছাত্রী নিয়ে মাটির বাড়িতেই ক্লাস শুরু হয়েছিল। ২০১০সালের পর থেকে স্কুলের পরিকাঠামো বদল হয়। এখন খালডাঙ্গি, তেল্যা সহ নানা এলাকার ১১৯জন পড়ুয়া এই স্কুলে পড়াশোনা করে। ২০১৭সালে নির্মল বিদ্যালয়, ২০১৯সালে জেলার সেরা শিশুমিত্র পুরস্কার পেয়েছে এই স্কুল। ২০২১-’২২ সালে জেলাভিত্তিক স্বচ্ছ বিদ্যালয় পুরস্কারও পেয়েছে। স্কুলের শিক্ষকরা পড়াশোনার পাশাপাশি পড়ুয়াদের রাখি তৈরি সহ নানা হস্তশিল্পের পাঠ দেন।স্কুলের শিক্ষক কৌশিককুমার লোধ বলেন, আমাদের স্কুলের মূল মন্ত্র ঐক্য। আবির তৈরি করে ছাত্রছাত্রীরা খুশি। কথা হচ্ছিল স্কুলের পঞ্চম শ্রেণির ছাত্রী মোহিনী মাণ্ডির সঙ্গে। আবির তৈরি করতে করতে সে বলল, বাজারের আবির ব্যবহার করা উচিত নয় বলে শুনেছি। স্যররা আবির তৈরি করতে শিখিয়েছেন। বন্ধুদের সঙ্গে বসে আবির তৈরি করতে খুব ভালো লাগছে।