Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

বসন্ত উৎসবে মাতলেন কাঁথির দেশপ্রাণ মহাবিদ্যালয়ের পড়ুয়ারা

বসন্ত উৎসবে মাতলেন কাঁথির দেশপ্রাণ মহাবিদ্যালয়ের পড়ুয়ারা
  • ১২ মার্চ, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, তমলুক: মঙ্গলবার কাঁথির দেশপ্রাণ মহাবিদ্যালয়ে বসন্ত উৎসব ঘিরে রং খেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে মেতে উঠলেন ছাত্রছাত্রীরা। দোলযাত্রা যেন বসন্তের উদ্‌যাপন। সেই দোলের মুখে এদিন ওই কলেজের ছাত্রছাত্রীরা বসন্ত উৎসবে শামিল হন। অনুষ্ঠানে তারুণ্যের উদ্যম, প্রাণশক্তি  যেন বসন্তের রঙের সঙ্গে মিলেমিশে একাকার হয়ে যায়। অনুষ্ঠানে কলেজ পরিচালন কমিটির সভাপতি তথা এইচডিএর চেয়ারম্যান জ্যোতির্ময় কর, কমিটির সদস্য আবু সোহেল, কলেজের অধ্যক্ষ সুবিকাশ জানা প্রমুখ অংশ নেন। দেশপ্রাণ কলেজের ছাত্রছাত্রী এবং কলেজের অধ্যাপক-অধ্যাপিকারা অনুষ্ঠানে যোগ দেন।

Advertisement

এদিন কলেজ প্রাঙ্গণে বীরেন্দ্রনাথ শাসমলের আবক্ষ মূর্তিতে মাল্যদান করেন জ্যোতির্ময়বাবু। তারপর অনুষ্ঠান মঞ্চে প্রদীপ জ্বালিয়ে বসন্ত উৎসবের সূচনা হয়। কলেজের ছাত্রছাত্রীরা নাচ, গান, আবৃত্তি এবং বসন্ত উৎসব নিয়ে বক্তৃতায় অংশ নেন। প্রত্যেক সেমেস্টার থেকে প্রতিনিধি নিয়ে মোট ৩০জনের একটি কমিটি গড়া হয়। ছাত্রছাত্রীদের সেই কমিটিই এদিন অনুষ্ঠান পরিচালনা করে। ছাত্রছাত্রীরা অনুষ্ঠানে আসা অতিথি থেকে অধ্যাপক ও অধ্যাপিকাদের নানা রঙে রাঙিয়ে তোলেন।
গত ১০বছর ধরে দেশপ্রাণ কলেজে বসন্ত উৎসব পালিত হচ্ছে। ছাত্র সংসদের আয়োজনে এই উৎসবে কলেজের ছাত্রছাত্রীরাই পারফর্ম করেন। সেইসঙ্গে পরস্পরকে নানা রঙে রাঙিয়ে তোলেন। সেই অনুষ্ঠানে মধ্যমণি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের গভর্নিং বডির সভাপতি জ্যোতির্ময়বাবু। কলেজের ছাত্রনেতা আবেদ আলি ও নিমাই দাস বলেন, সারা বছর ধরে আমাদের কলেজে পড়াশোনার পাশাপাশি সহপাঠ্যক্রমিক কাজকর্ম এবং সাংস্কৃতিক অনুষ্ঠানে জোর দেওয়া হয়। বসন্ত উৎসব তারই একটি অংশ। ছাত্রছাত্রী এবং অধ্যাপক-অধ্যাপিকাদের সকলের অংশগ্রহণে এই উৎসব মিলন উৎসবের চেহারা নেয়। 

Advertisement
সম্পর্কিত সংবাদ