নিজস্ব প্রতিনিধি, বরানগর: ইউপিএসসি পরীক্ষার প্রস্তুতি চলছিল। রাতভর বন্ধুদের সঙ্গে পড়াশোনা করেন যুবক। সকালে গঙ্গা স্নান করে বাড়ি ফেরার জন্য আলমবাজার ঘাটে নেমেছিল। কিন্তু প্রবল জলের স্রোতে তলিয়ে মৃত্যু হল বরানগরের এক মেধাবী ছাত্রের। পুলিশ জানিয়েছে, মৃতের নাম সুমিত গুপ্তা (২৮)। তাঁর বাড়ি বরানগরের ১৭ নম্বর ওয়ার্ডের শীতলা মাতা লেন। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমেছে। সুমিতের বাবার নাম সুজিত গুপ্তা। তিনি পাথরের মূর্তি তৈরি করেন। দুই ছেলের মধ্যে বড়ো সুমিত ইউপিএসসি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিলেন। বুধবার সন্ধ্যায় গ্রুপ স্টাডির জন্য সুমিত আলমবাজারের বন্ধুর বাড়িতে গিয়েছিলেন। সেখানে পাঁচ বন্ধুর সঙ্গে পড়াশোনার শেষে রাতেই তাঁর বাড়ি ফেরার কথা ছিল। বেশি রাত হয়ে যাওয়ায় আর তিনি বাড়ি ফেরেননি। এদিন সকাল ছ’টা নাগাদ পাঁচ বন্ধু আলমবাজার ঘাটে যান। গঙ্গায় স্নান করে বাড়ি ফেরার জন্য সুমিত ও আর এক বন্ধু আলমবাজার ঘাটে নামেন। তিন বন্ধু পাড়েই ছিলেন। স্নান করার সময় জলের তোড়ে দু’জনই জলে ভেসে যান। পাড়ে দাঁড়ানো তিন বন্ধুর চিৎকারে স্থানীয়রা গঙ্গায় ঝাঁপ দিয়ে তাঁদের বাঁচানোর চেষ্টা করেন। একজনকে বাঁচানো গেলেও সুমিত তলিয়ে যান। খবর পেয়ে দৌড়ে আসেন স্থানীয় কাউন্সিলার তথা বরানগর পুরসভার সিআইসি (পূর্ত) অঞ্জন পাল। দ্রুত ডুবুরি এনে গঙ্গায় তল্লাশি শুরু করা হয়। সকাল ৯টা নাগাদ গঙ্গা থেকে যুবকের মৃতদেহ উদ্ধার হয়। অঞ্জনবাবু বলেন, সুমিত রাতে বাড়ি ফিরবে বলে গিয়েছিল। তাই তাঁর বাবা রাত ৩টে পর্যন্ত তিন বার ফোনও করেছিলেন। কিন্তু পড়তে পড়তে বেশি রাত হয়ে গিয়েছিল বলে সব বন্ধুরা রাতে থেকে যায়। সকালে গঙ্গা স্নান করে বাড়ি ফিরতে গিয়ে এই দুর্ঘটনা ঘটে। আমরা শোকগ্রস্ত পরিবারের পাশে রয়েছি।



