Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

আমের লোভ দেখিয়ে ছাত্রীকে যৌন নিগ্রহ

আমের লোভ দেখিয়ে ছাত্রীকে যৌন নিগ্রহ
  • ১ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, বিষ্ণুপুর: পাকা আমের লোভ দেখিয়ে চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে যৌন নিগ্রহের অভিযোগ উঠল সোনামুখী থানা এলাকার এক যুবকের বিরুদ্ধে। ঘটনায় উত্তেজিত জনতা সপ্তর্ষি নাগ নামে ওই যুবককে উত্তম মধ্যম দিয়ে পুলিসের হাতে তুলে দেয়। পুলিস তাকে গ্রেপ্তার করে। পুলিস জানিয়েছে, নির্যাতিতার মেডিক্যাল পরীক্ষা করানো হয়েছে। সোমবার ধৃতকে বিষ্ণুপুর মহকুমা আদালতে তোলা হলে বিচারক জেল হেফাজতের নির্দেশ দেন। 

Advertisement

পুলিস ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোনামুখী থানা এলাকার বছর দশেকের ওই নাবালিকা রবিবার বিকেলে মুখরোচক খাবার কেনার জন্য সাইকেলে করে স্থানীয় একটি দোকানে যায়। সেখানেই ওই নাবালিকাকে দেখতে পায় টোটোচালক সপ্তর্ষি। সে তাকে আম পাকা খাওয়ানোর লোভ দেখায়। এরপরেই তাকে টেনে নিয়ে যায় স্থানীয় একটি পুকুর পাড়ে। সেখানে আমের পরিবর্তে পুকুরে চুবিয়ে মারার ভয় দেখিয়ে জোরপূর্বক নিগ্রহ করে বলে অভিযোগ। ঘটনার কথা বাড়ির লোকজনকে বললে প্রাণে মারার হুমকিও দেয়। নাবালিকা কাঁদতে কাঁদতে বাড়ি এসে তার মাকে ঘটনার কথা জানায়। ঘটনার কথা চাউর হতেই উত্তেজিত জনতা অভিযুক্তকে বেধড়ক পেটায়। খবর পেয়ে পুলিস এসে তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরে নাবালিকার পরিবারের লিখিত অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়।  প্রসঙ্গত, কিছুদিন আগেই পাত্রসায়র থানা এলাকায় এক শিশুকে যৌন নিগ্রহের পর শ্বাসরোধ করে খুনের একটি ঘটনা ঘটে। ওই ঘটনায় অভিযুক্ত বর্তমানে জেল হেফাজতে রয়েছে। তারপরে রবিবার সোনামুখীতেও ১০বছরের নাবালিকাকে যৌন নিগ্রহের ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। 
নির্যাতিতা নাবালিকার মা বলেন, সপ্তর্ষি প্রায়ই আমার মেয়েকে নানা জিনিস কিনে দিত। পাড়ার অন্যান্য শিশুদেরও সে খাবার জিনিস কিনে দিত। আমার মেয়ে তাকে কাকু বলত। তাই ভেবেছে, কাকু ভালোবেসে দিচ্ছে। কিন্তু, ওর মনে যে এরকম জানোয়ারের সত্ত্বা রয়েছে, সেটা ওইটুকু বাচ্ছা মেয়ে কীভাবে বুঝবে?আমার দুধের শিশুর উপর যেভাবে অত্যাচার করা হয়েছে, তাতে ওর ফাঁসি চাই। 

Advertisement
সম্পর্কিত সংবাদ