সংবাদদাতা, জঙ্গিপুর: রবিবার সন্ধ্যায় সূতিতে টোটোর ধাক্কায় এক সত্তরোর্ধ্ব প্রবীণের মৃত্যু হয়েছে। পুলিস জানিয়েছে, মৃতের নাম সত্যবান মণ্ডল(৭১)। তাঁর বাড়ি সূতি থানার বংশবাটি পঞ্চায়েতের গোপালনগর গ্রামে। জঙ্গিপুর মহকুমা হাসপাতালের মর্গে মৃতদেহের ময়নাতদন্ত হয়েছে। ওই ব্যক্তি মাঠে ফসল দেখাশোনার কাজ করতেন। সত্যবানবাবু ওইদিন বিকেলে সূতির মাঠে জোগানদারি করছিলেন। তারা মোড় লাগোয়া কেবি রোড পেরিয়ে পাশের মাঠে যাওয়ার সময় একটি টোটো তাঁকে সজোরে ধাক্কা মারে। তিনি রাস্তায় ছিটকে পড়ে মারাত্মক জখম হন।



