সংবাদদাতা, জঙ্গিপুর: অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করায় এক বাংলাদেশি যুবককে গ্রেপ্তার করেছে সূতি থানার পুলিস। মঙ্গলবার সন্ধ্যায় সূতি থানার ছাপঘাটি মোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ধৃতের নাম মহম্মদ মেহেদি। তার বাড়ি বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানা এলাকায়। ওই যুবক এদেশে প্রবেশের কোনও বৈধ প্রমাণপত্র দেখাতে পারেনি। ধৃত যুবক কেন বা ঠিক কী উদ্দেশ্যে এদেশে এসেছে, তা তদন্ত করে দেখছে পুলিস। ধৃতকে বুধবার সকালে জঙ্গিপুর মহকুমা আদালতে তোলা হয়। ধৃতকে জেল হেফাজতে রাখার নির্দেশ দেন বিচারক।
Advertisement
সূতি থানার পুলিস আধিকারিক জানিয়েছেন, তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে তার কথাবার্তায় প্রচুর অসঙ্গতি ধরা পড়ে। সে কোনও বৈধ কাগজপত্রও দেখাতে পারেনি। অবৈধভাবে অনুপ্রবেশ করায় তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। জানা গিয়েছে, পরনে চেক ফুলহাতা শার্ট ও লুঙ্গি পরিহিত ওই যুবক ছাপঘাটি এলাকায় ঘুরে বেড়াচ্ছিল। তাকে দেখে পুলিসের সন্দেহ হওয়ায় আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে। সে বাংলাদেশ থেকে ঘুরতে এসেছে বলে জানায় পুলিসকে। যদিও এদেশে আসার কোনও বৈধ কাগজপত্র সে দেখাতে পারেনি। ফলে পুলিস তাকে গ্রেপ্তার করে।



