Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

সূতিতে পোলট্রি ফার্মের আড়ালে চোলাই মদ বিক্রি, ধৃত ৩

সূতিতে পোলট্রি ফার্মের আড়ালে চোলাই মদ বিক্রি, ধৃত ৩
  • ২৪ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, জঙ্গিপুর: পোল্ট্রি মুরগির খামারের আড়ালে নকল মদের কারবার চলছিল। সোমবার দুপুরে সূতির হাঁপানিয়ায় ওই খামারে হানা দেয় পুলিস। সেখান থেকে ৯০ বোতল নকল মদ বাজেয়াপ্ত করার পাশাপাশি তিন যুবককে গ্রেপ্তার করা হয়েছে। ধৃত বরুণ দাস, হৃদয় দাস ও বিকাশ দাস সূতি থানা এলাকারই বাসিন্দা। এছাড়া সেই খামার থেকে ৫০লিটার মদ তৈরির সরঞ্জাম ও প্রায় শতাধিক বড় কোম্পানির স্টিকার সাঁটানো বোতল বাজেয়াপ্ত করেছে পুলিস। তাদের অনুমান, ধৃতরা মদ তৈরি করে ওই বোতলে ভরে বাজারে বিক্রি করত। তারা কতদিন ধরে এই কারবার চালাচ্ছিল-তা পুলিস তদন্ত করে দেখছে। সূতি থানার পুলিস জানিয়েছে, সেখান থেকে ৯০ বোতল নকল মদ বাজেয়াপ্ত হয়েছে। মদ তৈরির কিছু সরঞ্জাম উদ্ধার হয়েছে।
Advertisement
সূতির হাঁপানিয়ায় জনবসতি থেকে কিছুটা দূরে আম ও লিচুর বাগানে পোল্ট্রি মুরগি পালনের জন্য ফার্ম খুলেছিল এরা। কিছুদিন সেখানে পোল্ট্রি মুরগি পালনও করে। পরে মুরগির খামারের আড়ালে তারা নকল মদ তৈরিও শুরু করে। সেখানে নকল মদ তৈরি করে বড় কোম্পানির স্টিকার সাঁটা বোতলে ভরে সিল করা হতো। এরপর তা বাজারে সরবরাহ করা হতো। এভাবেই বড় কারবার ফেঁদে বসেছিল। পোল্ট্রির খামারের আড়ালে এই কারবার হচ্ছে-তা স্থানীয় মানুষ ভাবতেও পারেননি। পুলিস এই কারবারের পর্দাফাঁস করল।
সম্পর্কিত সংবাদ