সংবাদদাতা, বহরমপুর: শুক্রবার সকালে সূতি থানার আহিরণ হল্টে পিকআপ ভ্যানের ধাক্কায় এক সাইকেল আরোহী গুড় বিক্রেতার মৃত্যু হয়েছে। মৃতের নাম মাজিরুল শেখ(৪২)। তাঁর বাড়ি মুর্শিদাবাদ থানার কুরুলডাঙায়। ঘটনায় মৃতের পরিবারে শোকের ছায়া নেমে আসে। পুলিস জানিয়েছে, ঘাতক পিকআপ ভ্যানটির খোঁজ চলছে। জানা গিয়েছে, আহিরণ থেকে গ্রামে গ্রামে সাইকেলে খেজুর গুড় বিক্রি করতেন মাজিরুল সাহেব। শুক্রবার সকালে গুড় বিক্রির উদ্দেশে বেরিয়েছিলেন। অপর এক গুড় বিক্রেতা জানান, জাতীয় সড়কে উঠতেই বহরমপুরগামী একটি সাদা পিকআপ ভ্যান দ্রুত গতিতে এসে মাজিরুলকে ধাক্কা মেরে পালিয়ে যায়। গুরুতর জখম অবস্থায় জাতীয় সড়ক কর্তৃপক্ষের অ্যাম্বুলেন্সে তাঁকে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে আনা হয়। প্রাথমিক চিকিৎসার পর চিকিৎসক মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করেন। মৃতের আত্মীয় ইয়ামিন শেখ বলেন, গুড় ফেরি করতে গিয়ে এভাবে ওর মৃত্যু হবে ভাবতেই পারছি না।
Advertisement
মুর্শিদাবাদে গাছ থেকে পড়ে যুবকের মৃত্যু: পোষ্য ছাগলের জন্য কাঁঠাল পাতা কাটতে গিয়ে গাছ থেকে পড়ে এক যুবকের মৃত্যু হল। মৃতের নাম মহিদুল শেখ(২৪)। পরিবার সূত্রে জানা গিয়েছে, গত ১ জানুয়ারি মুর্শিদাবাদ থানার কুমিরদহ গ্রামে দুর্ঘটনাটি ঘটে। ন’দিন চিকিৎসাধীন থাকার পর বৃহস্পতিবার রাতে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে মৃত্যু হয়।



