সংবাদদাতা, রঘুনাথপুর: কোম্পানিতে টাকা বিনিয়োগ করলে এক সঙ্গে সুদ সহ মোটা টাকা পাওয়া যাবে। ৬ লক্ষ টাকা দিলে এক সঙ্গে ৩২ হাজার ১০০ ডলার পাওয়া যাবে। প্রতারকদের কথায় বিশ্বাস করে সাঁতুড়ির এক যুবক টাকা বিনিয়োগ করে প্রতারণার শিকার হয়েছেন। বিনিয়োগ করা টাকা ফেরত পেতে যুবক থানার দ্বারস্থ হয়েছেন। শনিবার তিনি থানায় লিখিত অভিযোগ করেন। পুলিস সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি ওই যুবকের হোয়াটসঅ্যাপে একটি ফোন আসে। সেখানে যুবককে জানানো হয়, টাকা বিনিয়োগ করলে কিছুদিনের মধ্যেই মোটা টাকা ফেরত পাওয়া যাবে। সেই মতো কিছু টাকা তিনি দেন। বিশ্বাস অর্জনের জন্য যুবকের কাছে একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট নেওয়া হয়। সুদ সহ কিছু টাকা অ্যাকাউন্টে দেওয়া হয়। যুবক তাদের কথায় বিশ্বাস করে এককালীন ৩২ হাজার ১০০ ডলার পাওয়ার আশায় ছ’লক্ষ টাকা বিনিয়োগ করেন। কিন্তু, তারপর আর যোগাযোগ করা যায়নি।
Advertisement
প্রতারণার শিকার হওয়া যুবক বলেন, টাকা দেওয়ার পর আর যোগাযোগ করা সম্ভব হয়নি। আমার সিমটি বন্ধ করে দেওয়া হয়েছে। তাছাড়া আমার কাছে যে ব্যাঙ্ক অ্যাকাউন্টটি নেওয়া হয়েছিল, সেটিও বন্ধ করে দেওয়া হয়েছে। আমি ব্যাঙ্ক কর্তৃপক্ষ এবং মোবাইল কোম্পানির সঙ্গে যোগাযোগ করি। তারা আমাকে থানার দ্বারস্থ হওয়ার পরামর্শ দিয়েছে। পুলিস জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। সাইবার বিশেষজ্ঞদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।



