Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

সূতিতে গাঁজা সহ গ্রেপ্তার দিদা-নাতনি

সূতিতে গাঁজা সহ গ্রেপ্তার দিদা-নাতনি
  • ২৫ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, জঙ্গিপুর: মহিলার পরনে নীল শাড়ি। গায়ে রঙিন শাল। যুবতীর পরনে চুড়িদার, গায়ে লাল শাল। সঙ্গে বড় দু’টি ব্যাগ। দেখতে একদম সাধারণ দুই নারী। মঙ্গলবার সকালে সূতির চাঁদের মোড়ে সাধারণ যাত্রীদের সঙ্গেই অপেক্ষা করছিল তারা। গাঁজা পাচার করতে মহিলাদের ঢাল করা হলেও শেষরক্ষা হল না। আগাম খবর থাকায় দু’জনকে আটক করে তল্লাশি চালাতেই মেলে ব্যাগ ভর্তি গাঁজা। সঙ্গে সঙ্গে তাদের গ্রেপ্তার করে পুলিস। ধৃতদের নাম রাবিয়া বিবি ও হাকিমা বিবি। রাবিয়ার বাড়ি সাগরদিঘি থানার পোপাড়া। হাকিমার বাড়ি বীরভূম জেলার নলহাটি থানার লোহাপুরে। সম্পর্কে তারা দিদা-নাতনি বলে জানা গিয়েছে। ওই গাঁজা তারা কোথা থেকে এনে ঠিক কাকে দেওয়ার জন্য নিয়ে যাচ্ছিল তা তদন্ত করে দেখছে পুলিস। ধৃতদের বুধবার সকালে জঙ্গিপুর মহকুমা আদালতে তোলা হবে।
Advertisement
এপ্রসঙ্গে সূতি থানার এক পুলিস আধিকারিক জানিয়েছেন, আগাম খবরের ভিত্তিতে তাদের উপর নজরদারি রাখা হচ্ছিল। তল্লাশি চালিয়ে তাদের ব্যাগ থেকে ১০ কেজি গাঁজা পাওয়া গেলে গ্রেপ্তার করা হয়। হেফাজতে নিয়ে তাদের জিজ্ঞাসাবাদ করা হবে।
পুলিস সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে দিদা, নাতিকে সঙ্গে করে নিয়ে সড়কপথে শিলিগুড়ি থেকে সূতির চাঁদের মোড়ে এসে নামে। সেখানেই তারা এক এজেন্টের অপেক্ষা করছিল। সেই যুবককেই ব্যাগগুলি তুলে দেওয়ার কথা ছিল। কিন্তু যুবক আসার আগেই পুলিস তাদের আটক করে তল্লাশি চালায়। ব্যাগে গাঁজার প্যাকেট ভরে উপরে কাপড় দিয়ে ঢেকে দেওয়া হয়। যাতে করে বাইরে থেকে দেখলে ব্যাগে পোশাক রয়েছে বলে মনে হয়। যদিও তাদের সেই চেষ্টা ব্যর্থ করে দেয় পুলিস। ইতিপূর্বে একাধিক মাদক কারবারি থেকে পাচারকারীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে পুলিস। তাই এবার পুলিসের চোখে ধুলো দিতে মহিলাদের পাচারের কাজে লাগানো হচ্ছে। পুলিসের এক কর্তা বলেন, মহিলাদের সাধারণত সন্দেহের বাইরে রাখা হয়। সেই সুযোগটাই কাজে লাগাতে চাইছে মাদক কারবারিরা। তবে পুলিস সবসময় সতর্ক রয়েছে। উদ্ধার হওয়া গাঁজা অত্যন্ত উৎকৃষ্ট মানের বলে পুলিস সূত্রে জানা গিয়েছে। যার মূল্য প্রায় লক্ষাধিক টাকা।
সম্পর্কিত সংবাদ