সংবাদদাতা, রঘুনাথপুর: শুক্রবার রাতে সাঁতুড়ির টাঁড়াবাড়ি গ্রাম পঞ্চায়েতের বিধাকাটা প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলের সরঞ্জাম চুরির অভিযোগ উঠেছে। পিএম পোশনের ১৫ হাজার টাকা দিয়ে বিদ্যালয়ে মিড ডে মিলের সরঞ্জাম কেনা হয়েছিল। সমস্ত সরঞ্জাম চুরি হয়ে গিয়েছে। পাশাপাশি মিড ডে মিল রান্নার জন্য ২ কুইন্টাল চাল রাখা ছিল। সেই চাল দুষ্কৃতীরা নিয়ে পালিয়েছে। বিদ্যালয় কর্তৃপক্ষ বিষয়টি থানা ও ব্লক প্রশাসনকে জানিয়েছে।
Advertisement
ওই রাতেই সাঁতুড়ি গ্রামের প্রায় চারটি বাড়িতে চুরির উদ্দেশ্যে তালা ভাঙা হয়। শনিবার সকালে বাড়ির লোকজন দেখেন সদর দরজার তালা ভাঙা। তবে বাড়ি থেকে তেমন কিছু মূল্যবান জিনিস চুরি হয়নি বলে জানা গিয়েছে। এক ব্যক্তির বাড়ি থেকে কিছু টাকা ও শাড়ি এবং এক মহিলার বাড়ি থেকে কিছু জিনিসপত্র চুরি গিয়েছে। এক রাতে একসঙ্গে এতগুলি চুরির ঘটনায় সকলে বিস্মিত। এলাকার মানুষ পুলিস প্রশাসনের পদক্ষেপের দাবি জানিয়েছেন। পুলিস ঘটনার তদন্ত শুরু করেছে।



