সংবাদদাতা, রঘুনাথপুর: সোমবার রাতে সাঁতুড়ি থানা এলাকায় এক গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু হয়েছে। পুলিস সূত্রে জানা গিয়েছে, মৃতার নাম আলপনা মণ্ডল (৪৫)। তাঁর বাড়ি সাঁতুড়ি থানার রামভট্টডি গ্রামে। পুলিসের একটি সূত্র থেকে জানা গিয়েছে, নেশা করার জন্য আলপনা দেবীর সঙ্গে তাঁর স্বামীর প্রায়ই ঝামেলা হত। ওইদিন রাত্রে আলপনা দেবী বাড়িতে একাই ছিলেন। পরিবারের সদস্যরা বাড়িতে এসে তাঁকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। দ্রুত তাঁকে উদ্ধার করে মুরাডি ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করে।
Advertisement
পুলিস জানিয়েছে, একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করা হয়েছে। মৃত্যুর আসল কারণ জানতে মঙ্গলবার দেহটি পুরুলিয়া ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। ঘটনার তদন্ত শুরু হয়েছে।



