নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: দুর্ভোগের অবসান। মাল সুপার স্পেশালিটি হাসপাতালে চালু হল বিনামূল্যে সিটিস্ক্যান পরিষেবা। এর ফলে ডুয়ার্সের বিস্তীর্ণ এলাকার রোগীদের সিটিস্ক্যান করাতে শিলিগুড়ি কিংবা জলপাইগুড়িতে আসতে হবে না। জলপাইগুড়ি জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ অসীম হালদার বলেন, মাল সুপার স্পেশালিটি হাসপাতালে সিটিস্ক্যান না থাকায় রোগীদের ভোগান্তি হচ্ছিল। শুক্রবার থেকে সেই দুর্ভোগ মিটল। হাসপাতালের সুপার ডাঃ সুধীর কুমার বলেন, কিছুটা দেরিতে হলেও সিটিস্ক্যান পরিষেবা চালু করতে পেরে আমরা খুশি।
Advertisement
মাল সুপার স্পেশালিটি হাসপাতাল জলপাইগুড়ি জেলার গুরুত্বপূর্ণ সরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠান। কালিম্পং জেলার পাদদেশ ওয়াশাবাড়ি থেকে বীরপাড়া, চা বলয় থেকে কৃষিবলয়, ডুয়ার্সের বহু প্রান্তিক অঞ্চলের বাসিন্দারা এই হাসপাতালের উপর নির্ভরশীল। বেসরকারি সংস্থার সঙ্গে পিপিপি মডেলে মাল সুপার স্পেশালিটি হাসপাতালে সিটিস্ক্যান চালুর জন্য কয়েক মাস আগে বোর্ড ঝোলানো হয়। মেশিনও এসে পড়েছিল। কিন্তু তারপরও পরিষেবা চালু না হওয়ায় অনেকেই বেশি টাকা দিয়ে বেসরকারি ডায়াগনস্টিক সেন্টার থেকে সিটিস্ক্যান করাতে বাধ্য হচ্ছিলেন। গরিব মানুষকে ছুটতে হচ্ছিল শিলিগুড়ি কিংবা জলপাইগুড়িতে।
তাতেও অ্যাম্বুলেন্সের ভাড়া জোগাড় করতে গিয়ে নাভিশ্বাস উঠছিল। তাছাড়া সময় লাগছিল অনেকটাই। এতে অনেক ক্ষেত্রে রোগীর অবস্থা সঙ্কটজনক হয়ে পড়ছিল। ফলে দ্রুত যাতে মাল হাসপাতালে সিটিস্ক্যান পরিষেবা চালু হয়, সেব্যাপারে সরব হয় বিভিন্ন মহল। অবশেষে তা চালু হওয়ায় খুশির হাওয়া মালবাজারে।