নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: রাত বাড়তেই শহর শিলিগুড়ি চলে যায় মাদকাসক্তদের দখলে। বারবার একাধিক ঘটনায় এই সত্য প্রমাণিত হচ্ছে। এবারে ফের একবার মাদকাসক্তদের হুজ্জতির ছবি প্রকাশ পেল। মঙ্গলবার রাতে শিলিগুড়ি টাউন স্টেশন এলাকায় ছয় মাদকাসক্তকে গ্রেপ্তার করে জিআরপির পুলিস আধিকারিকরা। পুলিস সূত্রে খবর, রাতে মাদকাসক্ত অবস্থায় ওই ছ’জন যুবক স্টেশন চত্বরে অস্থায়ী খাবারের দোকান থেকে শুরু করে একাধিক ব্যবসায়ীদের উত্যক্ত করছিল। এই খবর পেয়ে শিলিগুড়ি টাউন স্টেশনের জিআরপি থানার আইসি মান্তু বর্মনের নেতৃত্বে পুলিস গিয়ে ওই যুবকদের গ্রেপ্তার করে। বুধবার ধৃতদের শিলিগুড়ি আদালতে তোলা হলে বিচারক শর্তসাপেক্ষে জামিন মঞ্জুর করেন। যদিও শহর শিলিগুড়িতে মাদকাসক্তদের দাপট বাড়ায় চিন্তিত এলাকাবাসী। শহরজুড়ে আরও বেশি পুলিসি নজরদারির দাবি জানিয়েছেন এলাকাবাসীদের একাংশ।



