Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

স্টার্টআপে সাফল্য পাচ্ছেন খড়্গপুর আইআইটির পড়ুয়ারা, সমাবর্তন অনুষ্ঠানে জানালেন ডিরেক্টর

স্টার্টআপে সাফল্য পাচ্ছেন খড়্গপুর আইআইটির পড়ুয়ারা, সমাবর্তন অনুষ্ঠানে জানালেন ডিরেক্টর
  • ৩১ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, খড়গপুর: বর্তমানে স্টার্টআপে সাফল্য পাচ্ছেন খড়্গপুর আইআইটির পড়ুয়ারা। সোমবার খড়্গপুর আইআইটির ৭০তম সমাবর্তন অনুষ্ঠানে এমনটাই জানালেন ডিরেক্টর বীরেন্দ্রকুমার তিওয়ারি। এদিন সমাবর্তন অনুষ্ঠান ঘিরে উন্মাদনা ছিল চোখে পড়ার মতো। উপস্থিত ছিলেন ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটির চ্যান্সেলর প্রদীপকুমার খোসলা, জাতীয় গবেষণা অধ্যাপক আয়ুষ এবং সাবিত্রীবাই ফুলে পুণে বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য বিজ্ঞানের বিশিষ্ট অধ্যাপক ভূষণ পাটবর্ধন, খড়্গপুর আইআইটির ডেপুটি ডিরেক্টর রিন্টু বন্দ্যোপাধ্যায় প্রমুখ। খড়্গপুর আইআইটি কর্তৃপক্ষ জানিয়েছে, এদিন আইআইটির তরফে লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড দেওয়া হয় বিপি পোদ্দার ইন্সটিটিউট অব ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজির অ্যাকাডেমিক ডিন বিশ্বনাথ চট্টোপাধ্যায়কে। পাশাপাশি প্রতিষ্ঠানের তরফে সাতজনকে লাইফ ফেলো অ্যাওয়ার্ড ও ১৩জনকে অ্যালুমিনি আওয়ার্ড দেওয়া হয়েছে। 
Advertisement
ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটির চ্যান্সেলর বলেন, এই প্রতিষ্ঠানে আসতে পেরে আপ্লুত। আমি চাই, এই প্রতিষ্ঠানের পড়ুয়ারা দেশে বিদেশে সুনাম অর্জন করুক। এগিয়ে যাওয়ার জন্য সবচেয়ে বেশি প্রয়োজন আত্মবিশ্বাস। এছাড়াও সহযোগিতার মনোভাব রাখা খুবই জরুরি। তাতে সাফল্য আসবেই। 
খড়্গপুর আইআইটি সূত্রে জানা গিয়েছে, এদিনের মঞ্চ থেকে ৩৪৫৬ জনকে ডিগ্রি প্রদান করা হয়। এরমধ্যে ৪৮০টি পিএইচডি, ২৭টি এমএস ৩টি ডুয়াল ডক্টরাল ডিগ্রি প্রোগ্রাম, একটি সার্টিফিকেট অব এক্সেলেন্স রিসার্চ, ৮২২টি এমটেক, ৪৪টি এমসিপি, ১২৩টি এমবিএ, ২০টি ইএমবিএ, ২টি এমএমএসটি, ১৪টি এমএইচআরএম, ৭০০টি বিটেক, ৬৬১টি ডুয়াল ডিগ্রি সহ একাধিক ডিগ্রি দেওয়া হয়। 
এক প্রাক্তন পড়ুয়ার কথায়, এটি দেশের মধ্যে সর্বশ্রেষ্ঠ প্রতিষ্ঠান। সারা বিশ্বের নানা প্রান্তে খড়্গপুর আইআইটির পড়ুয়ারা রয়েছেন। এই ধরনের অনুষ্ঠানে আসতে পেরে আপ্লুত। বর্তমান সময়ে আইআইটির পড়ুয়ারা স্টার্ট আপের দিকে বেশি ঝুঁকছেন। এতে সাফল্যও আসছে। এই প্রতিষ্ঠান থেকে দেশের ২০টি স্টার্টআপ ইউনিকন হয়েছে। ফলে দেশে কর্মসংস্থানও বাড়ছে। 
খড়্গপুর আইআইটির ডিরেক্টর বীরেন্দ্রকুমারবাবু বলেন, খড়্গপুর আইআইটি দেশের গর্ব। সকল পড়ুয়ার প্রতি শুভেচ্ছা রইল। এই প্রতিষ্ঠানের পড়ুয়ারা দেশে বিদেশে সম্মান পাচ্ছেন। আমাদের সকলের প্রচেষ্টায় প্রতিষ্ঠানকে আরও এগিয়ে নিয়ে যেতে হবে। সকলের সহযোগিতা ছাড়া এত বড় মাপের অনুষ্ঠান করা সম্ভব ছিল না। এই প্রতিষ্ঠান স্টার্টআপে নতুন দিশা দেখাচ্ছে।
সম্পর্কিত সংবাদ