Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

স্ত্রীর বিরুদ্ধে প্রতারণার অভিযোগ তুললেন যুবক

স্ত্রীর বিরুদ্ধে প্রতারণার অভিযোগ তুললেন যুবক
  • ১২ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, ইসলামপুর: বিহারে থাকা ‘স্বামী’র কয়েক লক্ষ টাকা নিয়ে বাংলার যুবকের হাত ধরলেন বধূ। ইসলামপুর লাগোয়া বিহারের কিষানগঞ্জ শহরের এই ঘটনায় শোরগোল।
Advertisement
পুলিস ও স্থানীয় সূত্রে খবর, গত এপ্রিলে কিষানগঞ্জের ধরমগঞ্জের এক যুবক ও গঙ্গাবাবুচকের এক যুবতীর আইনি বিয়ে হয়। 
১০ মে শহরের একটি নামি রেস্তোরাঁয় বসে প্রীতিভোজের আসর। বিয়ের পরও ওই যুবতী বাপের বাড়িতেই থাকতেন। অভিযোগ, গত ৬ ডিসেম্বর ৫ লক্ষ টাকা নিয়ে উত্তর দিনাজপুর জেলার করণদিঘির এক যুবকের সঙ্গে পালিয়ে যান ওই যুবতী। অভিযোগকারী পেশায় ঠিকাদার। স্ত্রী অপহৃত হয়েছে বলে ওই যুবক কিষানগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেছেন।
ইতিমধ্যে ওই যুবতীর একটি ভিডিও ভাইরাল হয়েছে (সত্যতা যাচাই করেনি ‘বর্তমান’)। ভিডিওতে ওই যুবতী বলেন, ৬ ডিসেম্বর অন্য একজনের সঙ্গে  হাত ধরে বাড়ি থেকে বের হয়েছি। আমরা বিয়েও করেছি। 
কিষানগঞ্জের বাসিন্দা ওই যুবকের কথায়, বিয়ের পর শাশুড়ি বলেছিলেন, পাকা বাড়ি তৈরি করো। তারপর মেয়ে তোমার বাড়ি গিয়ে থাকবে। সেইমতো বাড়ির কাজ শুরু করি। স্ত্রীর সঙ্গে নিয়মিত যোগাযোগ ছিল। ৬ ডিসেম্বর শ্বশুর, শাশুড়িকে নিয়ে শিলিগুড়িতে ডাক্তার দেখাতে গিয়েছিলাম। স্ত্রী একাই বাড়িতে ছিল। তার কাছে ৫ লক্ষ টাকা রাখা ছিল। সোনারপট্টি এলাকায় এক ব্যবসায়ীকে সেই টাকা পৌঁছে দিতে বলেছিলাম। কিন্তু স্ত্রী সেখানে যায়নি। 
পরে জানতে পারি, করণদিঘির এক যুবক আমার স্ত্রীকে অপহরণ করেছে। সেই রাতে পুলিস নিয়ে ওই যুবকের বাড়িতে গিয়েছিলাম। এখন জানতে পারছি আমার শাশুড়ি ও স্ত্রী এর আগেও প্রতারণা করেছে। কানকির এক যুবকের সঙ্গে বিয়ে ঠিক হওয়ার পরে ভেঙে দিয়েছে। আমার টাকা দিয়ে শাশুড়ি সোনাপুরে জমি কিনেছে। গচ্ছিত টাকা নিয়ে স্ত্রী পালিয়েছে। এসব তাদের ছক। 
শাশুড়ি বলেন, কিষানগঞ্জের বাসিন্দা ওই যুবকের সঙ্গে বিয়ে ঠিক হয়েছিল। কিন্তু বিয়ে হয়নি। টাকা নেওয়ার অভিযোগ ভিত্তিহীন। ৬ ডিসেম্বর শিলিগুড়ি থেকে ফিরে দেখি মেয়ে বাড়িতে নেই। মঙ্গলবার রাতে সোশ্যাল মিডিয়ায় দেখতে পাই আমার মেয়ে বিয়ে করে নিয়েছে। কিষানগঞ্জ পুলিস জানিয়েছে, ঘটনার তদন্ত চলছে।
সম্পর্কিত সংবাদ