নলহাটিতে ৮০ বছরের পুরনো পোস্ট অফিস সরানোর সিদ্ধান্তে তীব্র ক্ষোভ
  • ১৫ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, রামপুরহাট: নলহাটির কুরুমগ্রাম সাব পোস্ট অফিস অন্যত্র সরিয়ে নেওয়ার সিদ্ধান্তকে কেন্দ্র করে শোরগোল পড়ল এলাকায়। শনিবার পোস্ট অফিস স্থানান্তরের প্রক্রিয়া অবিলম্বে বন্ধ করার দাবিতে গণস্বাক্ষরিত আবেদনপত্র ও ডেপুটেশন জমা দিলেন স্থানীয় বাসিন্দারা।

Advertisement

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বিগত ৮০বছরেরও বেশি সময় ধরে কুরুমগ্রামের মিত্রভূম হাইস্কুলের ভবনে এই সাব পোস্ট অফিসটি চলছে। এলাকার প্রবীণ নাগরিক, ছাত্রছাত্রী এবং সাধারণ মানুষের যোগাযোগ ও আর্থিক লেনদেনের একমাত্র ভরসাস্থল এটি। সম্প্রতি পোস্ট অফিসটি অন্যত্র সরানোর পরিকল্পনার কথা জানাজানি হতেই ক্ষোভে ফেটে পড়েন গ্রামবাসীরা। স্থানীয় বাসিন্দা সঞ্জীব সিনহা ও অরুণেন্দু সেনগুপ্তদের আশঙ্কা, এই জায়গা থেকে অফিসটি সরে গেলে সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়বেন। পাশাপাশি স্কুলের ওই ভবনটি খালি হয়ে গেলে সেখানে অসামাজিক কার্যকলাপ বেড়ে যাওয়ারও আশঙ্কা করছেন তাঁরা। আন্দোলনে শামিল স্থানীয় পঞ্চায়েত সদস্য বিজেপির নতুন মণ্ডল বলেন, গ্রামবাসীদের অন্ধকারে রেখে কোনো বিজ্ঞপ্তি বা টেন্ডার প্রক্রিয়া ছাড়াই ৭হাজার টাকা ভাড়ায় একটি ব্যক্তিগত বাড়িতে সরকারি অফিসটি নিয়ে যাওয়ার চেষ্টা চলছে। অথচ, বর্তমানে এক হাজার টাকা ভাড়া দিতে হয়। ভগ্নপ্রায় ভবনের অজুহাত দেখানো হচ্ছে। রাজ্যে নতুন সরকার এসেছে। ভবনটি সংস্কার করে দিতে প্রস্তুত। পোস্ট অফিস সরাতে দেওয়া হবে না।
যদিও নিরাপত্তার অভাবের কথা তুলে ধরেছেন পোস্টমাস্টার প্রীতম রায়চৌধুরী। তিনি জানান, স্কুল ভবনটির অবস্থা অত্যন্ত জরাজীর্ণ। সীমানা প্রাচীর ভেঙে যাওয়ায় তাঁরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। দু’মাস আগে তিনি কাজে যোগ দেওয়ার পরই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের তরফে অফিসটি স্থানান্তরের নির্দেশ পান। নতুন ভাড়া বাড়িটি বর্তমান অফিস থেকে মাত্র ৫০মিটার দূরে বলেও তিনি উল্লেখ করেন। তবে গ্রামবাসীদের আপত্তির বিষয়টি তিনি দপ্তরকে জানাবেন বলে জানিয়েছেন।
এদিকে ভবনের বেহাল দশার দাবি মানতে নারাজ প্রধান শিক্ষক শ্রীকান্ত মণ্ডল। তাঁর বক্তব্য, ভবনটির সম্পূর্ণ ভগ্নদশা নয়। কেবল একদিকের প্রাচীর ভাঙা রয়েছে। স্কুলের তরফে নতুন জানালা ও রঙের কাজ ইতিমধ্যেই করা হয়েছে। এছাড়া প্রাচীর ও শৌচাগার সংস্কারের জন্য ছ’মাস সময় চেয়ে বিকল্প ভবনের প্রস্তাবও দেওয়া হয়েছিল। কিন্তু, ওরা পুরো ভবন সংস্কার চাইছে। সেটা করতে চার-পাঁচ লক্ষ টাকা খরচ হবে। তা স্কুলের পক্ষে বহন করা সম্ভব নয়। স্কুলের টাকা বাঁচিয়ে ভবনটি সংস্কার করা হলে সেক্ষেত্রে ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত ওদের নিতে হবে। আমরা চাই, ঐতিহ্যবাহী এই পোস্ট অফিসটি স্কুল ভবনেই থাকুক।