সংবাদদাতা, বিষ্ণুপুর: বাপের বাড়ি থেকে টাকা না আনায় স্ত্রীকে প্রাণে মারার চেষ্টার অভিযোগে জয়পুর থানার পুলিস আরামবাগ থেকে এক যুবককে গ্রেপ্তার করেছে। ধৃতের নাম তারক রানা। বাড়ি আরামবাগ থানার কৃষ্ণবল্লভপুর গ্রামে। পুলিস জানিয়েছে, আরামবাগ থানা এলাকার এক গৃহবধূ বাপেরবাড়িতে এসে জয়পুর থানায় নির্যাতনের অভিযোগ জানিয়েছিলেন। তার ভিত্তিতে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে।
Advertisement
নির্যাতিতা বধূর অভিযোগ, দেড় বছর আগে তাঁর বিয়েতে যথাসাধ্য যৌতুক এবং দানসামগ্রী দেওয়া সত্ত্বেও শ্বশুরবাড়ির লোকজন বাপেরবাড়ি থেকে অতিরিক্ত টাকা আনার জন্য চাপ দিত। তা সম্ভব না হওয়ায় তাঁকে মদ্যপ অবস্থায় স্বামী মারধর করত। শাশুড়ি ভাতের থালায় ধুলো দিয়ে দিত। এমনকী প্রাণে মারার চেষ্টাও করা হয়। শেষ পর্যন্ত বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হয়। বর্তমানে তিনি জয়পুর থানা এলাকায় বাপেরবাড়িতে আশ্রয় নিয়েছেন। এখানে এসেও রেহাই পাননি। তাঁর স্বামী ফোন করে খুনের হুমকি দিচ্ছে। তাই নিরাপত্তা ও অভিযুক্তদের শাস্তির দাবি জানিয়ে তিনি জয়পুর থানায় অভিযোগ দায়ের করেন। পুলিস ঘটনার তদন্তে নেমে বধূর স্বামী তারক রানাকে গ্রেপ্তার করে।



