নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: পণের জন্য স্ত্রীকে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগে স্বামীকে গ্রেপ্তার করল শিলিগুড়ির মহিলা থানার পুলিস। ধৃতের নাম বিষ্ণু শাহ। তার বাড়ি চম্পাসারিতে। ২০২০ সালে বিষ্ণু শাহ জ্যোতি শাহকে বিয়ে করেন। অভিযোগ, বিয়ের প্রায় ৬ মাস পর থেকে বিষ্ণু স্ত্রীকে বাড়ি থেকে টাকা ও অন্যান্য সামগ্রী নিয়ে আসার জন্য চাপ দিতে থাকে। পণের দাবিতে স্ত্রীকে মারধরও শুরু করে বিষ্ণু। দাবি পূরণ না করায় বিষ্ণু স্ত্রীকে মেরে ফেলার হুমকিও দেয়। গত ১৮ ডিসেম্বর শিলিগুড়ি মহিলা থানায় স্বামীর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন জ্যোতি। অভিযোগের ভিত্তিতে রবিবার চম্পাসারি এলাকা থেকে বিষ্ণু শাহকে গ্রেপ্তার করে মহিলা থানার পুলিস।



