সংবাদদাতা, বর্ধমান: স্ত্রীকে মারধর করে তাড়িয়ে দেওয়ার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে গলসি থানার পুলিস। ধৃতের নাম শেখ তোরাব আলি ওরফে রবীন। গলসি থানার কৈতাড়া গ্রামের মসজিদপাড়ায় তার বাড়ি। রবিবার সকালে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিস জানিয়েছে, বছর তিনেক আগে আহ্লাদি খাতুনের সঙ্গে তোরাবের বিয়ে হয়। বিয়ের কিছুদিন পর থেকে শ্বশুরবাড়িতে আহ্লাদি খাতুনকে শারীরিক ও মানসিক নির্যাতন করা শুরু হয়। বাপেরবাড়ি থেকে টাকা আনার জন্য চাপ দেওয়া হতো। এ নিয়ে তাঁকে মাঝেমধ্যেই মারধর করা হতো। কিন্তু, সব অত্যাচার মুখ বুজে সহ্য করতেন আহ্লাদি। শনিবার অত্যাচার চরমে ওঠে। তাঁকে মারধর করে তাড়িয়ে দেওয়া হয়। তিনি বিষয়টি বাবা ও ভাইকে জানান। তাঁরা শ্বশুরবাড়িতে এসে মিটমাটের চেষ্টা করলে তাঁদেরও মারধর করা হয় বলে অভিযোগ।



