Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

স্ত্রীকে জব্দ করতে বাড়ির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন স্বামীর

স্ত্রীকে জব্দ করতে বাড়ির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন স্বামীর
  • ১২ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, বর্ধমান: স্বামী-স্ত্রীর বিবাদ গড়িয়েছে আদালত পর্যন্ত। বর্ধমান আদালতে স্বামীর বিরুদ্ধে নির্যাতনের মামলা করেছেন স্ত্রী। মামলাটি বিচারাধীন। এরই মধ্যে স্ত্রীকে জব্দ করতে স্বামী বাড়ির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার ব্যবস্থা করেছেন। বিদ্যুৎ সংযোগ জুড়ে দেওয়ার জন্য অন্তর্বর্তী আদেশ চেয়ে বর্ধমানের চতুর্থ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে ফের আবেদন করেছেন স্ত্রী। তারই ভিত্তিতে দ্রুত বিদ্যুৎ সংযোগ জুড়ে দেওয়ার জন্য বর্ধমানের চতুর্থ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের ভারপ্রাপ্ত বিচারক সঞ্চারী দত্ত নির্দেশ দিয়েছেন। ১ মার্চ আবেদনের পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে। তারমধ্যে যত তাড়াতাড়ি সম্ভব বিদ্যুৎ সংযোগের ব্যবস্থা করার নির্দেশ দিয়েছেন বিচারক।
Advertisement
আদালত সূত্রে জানা গিয়েছে, খণ্ডঘোষ থানার সরঙ্গার অনামিকা মুখোপাধ্যায়ের সঙ্গে বর্ধমান শহরের আলমগঞ্জের ঝুরঝুরে পুল এলাকার বাসিন্দা বাপ্পাদিত্য চক্রবর্তীর বিয়ে হয়। অনামিকা স্বামীর বিরুদ্ধে বর্ধমান আদালতে নির্যাতনের মামলা করেছেন। এদিকে, বসতবাড়ির সংযোগ বিচ্ছিন্ন করার জন্য বিদ্যুৎ দপ্তরে আবেদন করেন বাপ্পাদিত্য। তার ভিত্তিতে বিদ্যুৎ দপ্তর বাড়ির সংযোগ বিচ্ছিন্ন করে দেয়। অনামিকার আইনজীবী শান্তিরঞ্জন হাজরা বলেন, ৫বছরের নাবালককে নিয়ে তার মা অন্ধকারে দিন কাটাচ্ছেন। তিনি বিদ্যুতের বিল বাবদ বকেয়া ১১ হাজার ৩০৩ টাকা মিটিয়েছেন। তা সত্ত্বেও বিদ্যুৎ সংযোগ কেটে দেওয়া হয়েছে। বিদ্যুৎ সংযোগ জুড়ে দিতে আদালতে আবেদন জানানো হয়েছে। আদালত দ্রুত বিদ্যুৎ সংযোগ জুড়ে দেওয়ার নির্দেশ দিয়েছেন। 
বিচারক জানিয়েছেন, অপরপক্ষ বাড়ির মালিকানা দাবি করেছে। সেখানে আবেদনকারীর থাকার অধিকার নেই বলে জানিয়েছে। বিদ্যুৎ সংযোগ তাঁর নামে আছে বলেই অভিযুক্তর দাবি। কিন্তু, বিদ্যুৎ মানুষের সাধারণ চাহিদা। বর্তমানে তা পাওয়া অধিকারের মধ্যেই পড়ে। সেই অধিকার খর্ব করা যায় না। তাই চূড়ান্ত নিষ্পত্তির আগে দ্রুত বিদ্যুৎ সংযোগ জুড়ে দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হল।
Advertisement
সম্পর্কিত সংবাদ