বাল্যবিবাহ রুখতে আরও কঠোর  পদক্ষেপ, হুঁশিয়ারি মন্ত্রী উমেশের, ঘুরে দাঁড়ানোর গল্প শোনালেন দুই তরুণী
  • ২৮ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, হাওড়া: বাল্যবিবাহ বন্ধ করতে শুধু সচেতনতা প্রচার নয়, প্রয়োজনে আরও কঠোর পদক্ষেপ করা হবে। শুক্রবার হাওড়ার শরৎ সদনে আয়োজিত জেলা স্তরের সচেতনতা কর্মসূচি থেকে এই বার্তা দিলেন রাজ্যের পুর প্রতিমন্ত্রী উমেশ রাই। নারী ও শিশুদের সুরক্ষা এবং অপ্রাপ্তবয়স্কদের অধিকার রক্ষায় প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষকেও এগিয়ে আসার আহ্বান জানানো হয়।

Advertisement

‘চাইল্ড ম্যারেজ ফ্রি ভারত’ অভিযানের অংশ হিসাবে এবং আন্তর্জাতিক বাল্য, অপ্রাপ্তবয়স্ক ও বলপূর্বক বিবাহ দূরীকরণ দিবস উপলক্ষ্যে জেলা প্রশাসনের সমাজকল্যাণ বিভাগের উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়। বাল্যবিবাহের ক্ষতিকর দিক, শিশু ও কিশোর-কিশোরীদের শিক্ষা, অধিকার এবং সুরক্ষার গুরুত্ব তুলে ধরাই ছিল অনুষ্ঠানের মূল উদ্দেশ্য। এদিন প্রতিমন্ত্রী উমেশ রাই বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘বেটি বাঁচাও, বেটি পড়াও’ কর্মসূচির অঙ্গ হিসাবে দেশজুড়ে বাল্যবিবাহ রোধে সচেতনতা অভিযান চলছে। হাওড়ায় ছাত্রীদের নিয়ে র‌্যালি করে আত্মনির্ভর হওয়ার বার্তা দেওয়া হয়েছে। নারী সুরক্ষা ও ক্ষমতায়নের কথা প্রচারে সীমাবদ্ধ না রেখে বাস্তবে এই কুপ্রথা নির্মূল করতে হবে।
অনুষ্ঠানে বিশেষভাবে নজর কাড়ে উদয়নারায়ণপুর ও জগৎবল্লভপুরের দুই তরুণীর উপস্থিতি। অল্প বয়সে বিয়ের পর প্রশাসনিক সহযোগিতায় তাঁরা কীভাবে স্বাভাবিক জীবনে ফিরে এসেছেন, সেই অভিজ্ঞতার কথা তুলে ধরেন। তাঁদের সম্মানিতও করা হয়। এই উদ্যোগের জন্য জেলা প্রশাসনকে ধন্যবাদ জানান মন্ত্রী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলাশাসক পি দীপাপ প্রিয়া, নারী ও শিশুকল্যাণ দপ্তরের ভারপ্রাপ্ত আধিকারিক প্রিয়াঙ্কা বালাসহ বিশিষ্টরা।