নয়াদিল্লি, ২ নভেম্বর: শীতের শুরুতেই দূষণের বিরুদ্ধে কোমর বেঁধে নেমেছে রাজধানী দিল্লি। দূষণের মাত্রা নিয়ন্ত্রণে শীতকালীন নানা কর্মপরিকল্পনা কার্যকর হওয়ার প্রথম দিনেই শহরজুড়ে শুরু হল জোরদার নজরদারি ও অভিযান। কোথাও ধোঁয়া পরীক্ষার সার্টিফিকেট ছাড়া গাড়ি চালানোর অভিযোগ, কোথাও নিয়ম ভেঙে দিল্লিতে প্রবেশের চেষ্টা, আবার কোথাও নির্মাণকাজ থেকে ধুলো ছড়ানোর ঘটনা সব ক্ষেত্রেই কড়া পদক্ষেপ নিয়েছে প্রশাসন। প্রথম দিনেই বিভিন্ন অনিয়মের জন্য মোট ৬৮.৪ লক্ষ টাকা জরিমানা আদায় করেছে দিল্লি সরকার।
রবিবার বিকেল ৫টা পর্যন্ত পাওয়া সরকারি পরিসংখ্যান অনুযায়ী, প্রায় ১৫ হাজার গাড়ি পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ১,৫৩৯টি গাড়িকে দিল্লি ঢোকার আগেই সীমান্ত থেকেই ফিরিয়ে দেওয়া হয়েছে। পাশাপাশি বৈধ পিইউসিসি না থাকার অভিযোগে ৫৬৬টি চালান কাটা হয়েছে। এই খাতে জরিমানা হয়েছে ৫৬.৬ লক্ষ টাকা। অন্যদিকে, দিল্লিতে প্রবেশ সংক্রান্ত বিধিনিষেধ অমান্য করায় ২ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। নির্মাণ ও ভাঙার কাজে ধুলো নিয়ন্ত্রণের নিয়ম লঙ্ঘনের জন্য আরও ৯.৮ লক্ষ টাকা পরিবেশগত ক্ষতিপূরণ ধার্য হয়েছে।
শীতকালীন দূষণ মোকাবিলায় দিল্লির বাইরে থেকে আসা বিএস-৬ মানদণ্ডের আগের গাড়ির প্রবেশে নিষেধাজ্ঞা কার্যকর করেছে প্রশাসন। এই নিয়মের আওতায় দিল্লি ট্র্যাফিক পুলিশ ও পরিবহণ দপ্তর যৌথভাবে ১৪,৯৩০টি গাড়ি পরীক্ষা করে। তার মধ্যে ১০ শতাংশেরও বেশি গাড়িকে ফিরিয়ে দেওয়া হয়েছে। মোট ১২৭টি চালান কাটা হয়েছে এবং ৬২টি গাড়ি বাজেয়াপ্ত করা হয়েছে। এই অভিযানে ২ লক্ষ টাকা জরিমানা আদায় করেছে ট্র্যাফিক পুলিশ।
উল্লেখ্য, দূষণ মোকাবিলায় দিল্লির শীতকালীন দূষণ রুখতে যে সব পরিকল্পনা গ্রহণ করা হয়েছে সেইগুলি গতকাল থেকেই কার্যকর হয়েছে। এটি আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত লাগু থাকবে। বিএস৬ মানদণ্ড পূরণ করে না এমন গাড়ি এই সময়ের মধ্য রাজধানীতে চলবেনা বলে সাফ জানিয়ে দিয়েছে প্রশাসন। তবে বৈদ্যুতিক ও সিএনজিচালিত গাড়ির পাশাপাশি অ্যাম্বুল্যান্স এবং দমকলের মতো জরুরি পরিষেবার যানবাহনকে এই বিধিনিষেধের আওতার বাইরে রাখা হয়েছে। এদিকে, ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত দিল্লির অনুমোদিত পার্কিং লটগুলিতে পার্কিং ফি দ্বিগুণ করা হয়েছে। সরকারি ও বেসরকারি অফিসগুলিতে ১ নভেম্বর থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত সর্বোচ্চ ৫০ শতাংশ কর্মীকে বাড়ি থেকে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে।



