সংবাদদাতা, রঘুনাথপুর: রবিবার পুরুলিয়া জেলার সাঁতুড়ির মধুকুন্ডার তেলকুপী বারনী ঘাটে সাঁওতালি সাহিত্য সম্মেলন ও সহরায় সেমিনার অনুষ্ঠিত হয়। এদিন তেলকুপী বারনী সমিতির উদ্যোগে এই অনুষ্ঠানটির আয়োজন করা হয়। অনুষ্ঠানে জেলার পাশাপাশি বিহার, ঝাড়খন্ড ও অন্যান্য জেলার কবি সাহিত্যিকরাও উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে আগত অতিথিদের বরণ করা হয়। এর পাশাপাশি তেলকুপী বারনী ঘাট চত্বরে অবস্থিত রঘুনাথপুর-কাশীপুর বিধানসভার প্রয়াত বিধায়ক বুধন মাঝির আবক্ষ মূর্তিতে মাল্যদানের মধ্য দিয়ে তাকে শ্রদ্ধাঞ্জলি জানানো হয়। তেলকুপী বারনী সমিতির উদ্যোগে অনুষ্ঠিত হওয়া এদিনের সাঁওতালি সাহিত্য সম্মেলনে প্রধান অতিথি হিসাবে বান্দোয়ান বিধানসভার বিধায়ক রাজীব লোচন সরেন উপস্থিত ছিলেন। এছাড়াও এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুরুলিয়া জেলা পরিষদের সদস্য ও বিশিষ্ট সাহিত্যিক কলেন্দ্রনাথ মান্ডি, তেলকুপী বারনী সমিতির সভাপতি জয়সেন বাস্কে ও সাধারণ সম্পাদক বেল টুডু সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।



