Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

সূতির হাড়োয়ায় কংগ্রেসের ৩ পঞ্চায়েত সদস্যা তৃণমূলে

সূতির হাড়োয়ায় কংগ্রেসের ৩ পঞ্চায়েত সদস্যা তৃণমূলে
  • ৪ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, জঙ্গিপুর: সূতির হাড়োয়া পঞ্চায়েতের তিন সদস্যা কংগ্রেস ছেড়ে শাসকদলে যোগদান করেছেন। তাঁদের নাম যমুনা মণ্ডল, চন্দনা মণ্ডল ও কুলশন বিবি। মঙ্গলবার বিকেলে সূতির কুসুমগাছিতে তৃণমূলের কার্যালয়ে তাঁরা আনুষ্ঠানিকভাবে ঘাসফুলের পতাকা হাতে তুলে নেন। নবাগতদের হাতে দলীয় পতাকা তুলে দেন সূতির বিধায়ক ইমানী বিশ্বাস। সেখানে শাসকদলের ব্লক সভাপতি সেরাজুল ইসলাম, হাড়োয়া অঞ্চল তৃণমূল সভাপতি কটা শেখ সহ অন্য নেতৃত্ব উপস্থিত ছিল। যমুনা মণ্ডল ও কুলশন বিবি বলেন, কংগ্রেসে থেকে এলাকার উন্নয়ন করতে পারছিলাম না। মানুষের বিপদের সময় কোনও নেতাকে পাই না। তাই আমরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে উন্নয়নের কর্মযজ্ঞে শামিল হতে চাই। সূতি ব্লক কংগ্রেস সভাপতি তারিকুল আলম বলেন, লুটেপুটে খাওয়ার রাজনীতি চলছে। শাসকদলে গেলে এলাকার কাজ করতে হবে না বলে ওঁরা দলবদল করেছেন। তৃণমূল বিধায়ক বলেন, কংগ্রেস ও বিজেপি অশুভ আঁতাত করে হাড়োয়া পঞ্চায়েত পরিচালনা করছে। তারা এলাকার কী উন্নয়ন করেছে, তা জনগণ দেখতে পাচ্ছেন। কংগ্রেসের তিন সদস্যা ভুল বুঝতে পেরে আমাদের দলে এসেছেন। আমরা একসঙ্গে এলাকার উন্নয়নে শামিল হব।  
Advertisement
সম্পর্কিত সংবাদ