Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

সেতুর দায়িত্বে কারা, জানা যাবে কিউআর কোড স্ক্যান করে  

সেতুর দায়িত্বে কারা, জানা যাবে কিউআর কোড স্ক্যান করে
 
  • ২ জানুয়ারি, ২০২৫ ০০:০০
সংবাদদাতা, কাটোয়া: রাজ্যজুড়ে সেতু দুর্ঘটনা নতুন নয়। কোথাও সেতু ভেঙে পড়লে বিভিন্ন দপ্তর একে অপরের ঘাড়ে দোষ চাপায়। তাই এবার সেতুর ডিসপ্লে বোর্ডে কিউআর কোড দেওয়ার নির্দেশ দিল রাজ্য সরকার। সেই কোড স্ক্যান করলেই সেতুটি কোন দপ্তর রক্ষণাবেক্ষণ করে-তা এবং আরও নানা তথ্য জানা যাবে। সেতু নিয়ে কোনও অভিযোগ থাকলেও তা কিউআর কোড স্ক্যান করে জানানো যাবে। কাটোয়া মহকুমাজুড়ে বিভিন্ন সেতুর ডিসপ্লে বোর্ডে কিউআর কোড চালু হয়েছে।
Advertisement
পূর্ব বর্ধমান জেলার পূর্তদপ্তরের হাইওয়ে ডিভিশনের এগজিকিউটিভ ইঞ্জিনিয়ার পার্থসারথি কুণ্ডু বলেন, কিউআর কোড স্ক্যান করলেই সেতুর সমস্ত তথ্য পাওয়া যাবে। রাজ্যজুড়ে এটা করা হচ্ছে।
প্রতিটি সেতুতেই এমন নতুন ডিসপ্লে বোর্ড লাগানো হচ্ছে। সেতু কবে তৈরি হয়েছে, দৈর্ঘ্য কত, কোন দপ্তর রক্ষণাবেক্ষণ করে, কোন রাস্তা ও নদীর উপর সেতুটি রয়েছে, কতটা ভার নিতে পারবে, সেতুর উপর গাড়ির গতি কত থাকতে হবে, শেষ কবে রক্ষনাবেক্ষণ হয়েছে-এসব তথ্য কোড স্ক্যান করলে পাওয়া যাবে।
সাধারণত রাজ্যে পূর্তদপ্তরের হাইওয়ে ডিভিশন ছাড়াও অন্য দপ্তরের অধীনে বহু ছোটবড় সেতু রয়েছে। বিভিন্ন জেলায় ছোট ছোট নদীতে সেসব সেতু রয়েছে। কোনওটি জেলা পরিষদ, কোনওটি সেচদপ্তর রক্ষণাবেক্ষণ করে। পূর্তদপ্তরের অন্য কয়েকটি বিভাগও সেতু সংস্কার করে। দুর্ঘটনা ঘটলে সমস্ত দপ্তর দায় এড়িয়ে যাওয়ার চেষ্টা করে। এক দপ্তর অন্য দপ্তরের ঘাড়ে দোষ চাপায়। এবার আর সেসব চলবে না। কিউআর কোডে স্ক্যান করে যে কেউ সেতুর অবস্থা নিয়ে অভিযোগ জানাতে পারবেন। তাতে সরকারি কাজে স্বচ্ছতা আসবে।
কাটোয়ায় পূর্ত(সড়ক) দপ্তরের অধীনে ১২টি সেতু আছে। অজয় নদের উপর চরখির কাছে কাশীরাম দাস সেতু আছে। দাঁইহাট-মালডাঙা ও মন্তেশ্বর রোডে পাঁচটি সেতু আছে। অগ্রদ্বীপ থেকে দেয়াসীন যাওয়ার পথে দু’টি সেতু পড়ছে। কাটোয়া-কড়ুই রাস্তায় পঞ্চাননতলায় একটি সেতু, কৈচর থেকে সিঙ্গি যাওয়ার রাস্তায় তিনটি সেতু ও মঙ্গলকোটের কাশেমনগর-নতুনহাট থেকে মাজিগ্রাম ও শ্রীখণ্ড যাওয়ার পথে একটি সেতু আছে। প্রতিটি সেতুতেই নতুন ডিসপ্লে বোর্ড লাগানো শুরু হয়েছে।
সম্পর্কিত সংবাদ