Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

স্ত্রী বাপেরবাড়ি থেকে ফিরতে না চাওয়ায় ঘাটালে আত্মঘাতী যুবক

স্ত্রী বাপেরবাড়ি থেকে ফিরতে না চাওয়ায় ঘাটালে আত্মঘাতী যুবক
  • ৪ জানুয়ারি, ২০২৫ ০০:০০
সংবাদদাতা, ঘাটাল: স্বামীর সঙ্গে ঝগড়া করে সন্তানদের নিয়ে বাপেরবাড়ি চলে যান বধূ। স্ত্রীকে বারবার অনুরোধ করার পরেও ফিরে আসেননি। শ্বশুরবাড়ি থেকে ফিরে সেই ‘অভিমানেই’ আত্মহত্যা করলেন ঘাটাল শহরের ১৪ নম্বর ওয়ার্ডের এক যুবক। মৃতের নাম ঝন্টু বাগ(৩৩)। পুলিস জানিয়েছে, বৃহস্পতিবার রাতে ওই যুবক নিজের বাড়িতেই গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন। শুক্রবার ময়নাতদন্তের পর পরিজনদের হাতে মৃতদেহ তুলে দেওয়া হয়েছে।
Advertisement
ঝন্টুর ঘাটাল শহরেই একটি সেলুন রয়েছে। দুই সন্তান, স্ত্রী, বাবা-মা এবং বোনদের নিয়ে তাঁর সংসার ছিল। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গণ্ডগোলের কারণে ঝন্টুর স্ত্রী টুম্পা বাগ মণ্ডল কয়েক দিন আগে ছেলে ও মেয়েকে নিয়ে হুগলির কাকনানে বাপের বাড়ি চলে যান। ঝন্টুর বাবা বংশী বাগ বলেন, ছেলে বহুবার বউমাকে বাড়ি ফিরে আসার জন্য ফোন করে। কিন্তু, বউমা ফিরে আসতে চায়নি। এতে ঝন্টু খুব ভেঙে পড়ে। 
ঝন্টুর মা পূর্ণিমা বাগের অভিযোগ, তাঁর বউমা ফিরে তো আসতেই চায়নি, বরং ঝন্টুকে শ্বশুরবাড়ির লোকজন মারধরের হুমকি দেয়। সেখান থেকে হতাশ হয়ে ফিরে এসে ঝন্টু বৃহস্পতিবার সন্ধ্যায় রুমে শুয়ে পড়ে। কিছুক্ষণ পরে ওকে খাওয়ার জন্য ডাকতে গেলে ঝুলন্ত দেহ দেখতে পাওয়া যায়। পূর্ণিমাদেবীর আক্ষেপ, ‘আমার বউমা যদি রাগঅভিমান ভুলে ঘাটালে চলে আসত তাহলে আমার ছেলেকে অকালে চলে যেতে হতো না।’
স্বামীর মৃত্যুর কথা জানতে পেরেই শুক্রবার ছেলে মেয়েকে নিয়ে টুম্পা শ্বশুরবাড়ি ফিরে আসেন। তাঁকে সামনে পেয়েই শ্বশুরবাড়ির লোকজন এবং প্রতিবেশীরা ভর্ৎসনা করেন। টুম্পা বলেন, ‘দাম্পত্য জীবনে প্রত্যেকের অশান্তি হয়। তাই বলে এভাবে আমাকে ছেড়ে স্বামী চলে যাবে সেটা কখনও ভাবতে পারিনি।’ টুম্পা জানান, বাপেরবাড়ি যাওয়ার পর শ্বশুরবাড়ির লোকজন তাঁর বিরুদ্ধে ননদের গয়না চুরির অভিযোগ তোলেন। তাই আত্মসম্মানের কারণেই তিনি শ্বশুর বাড়িতে আসতে চাননি।
সম্পর্কিত সংবাদ