Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

স্ত্রী বাপের বাড়ি থেকে না ফেরায় আত্মঘাতী যুবক

স্ত্রী বাপের বাড়ি থেকে না ফেরায় আত্মঘাতী যুবক
  • ১১ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, রঘুনাথপুর: স্ত্রী বাপেরবাড়ি থেকে না ফেরায় মঙ্গলবার সাঁতুড়ির নিমটিকুরিতে অভিমানে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয়েছেন এক যুবক। মৃতের নাম শচীন মণ্ডল(৩৫)। ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমেছে।
Advertisement
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কয়েক বছর আগে ঝাড়খণ্ডের এক যুবতীর সঙ্গে শচীনের বিয়ে হয়। পরে তিনি চেন্নাইয়ে দিনমজুরের কাজে যান। বিয়ের কয়েক বছর পর থেকেই স্বামী, স্ত্রীর মধ্যে ঝামেলা লেগে থাকত। তিনি বাড়ি ফিরলে অশান্তি হতো, আবার ফোনেও অশান্তি হতো। তাঁর স্ত্রী ঝামেলা করে বাপের বাড়ি চলে যেতেন। প্রায় ২ বছর আগে তাঁর স্ত্রী শচীনের সঙ্গে ঝগড়া করে বাপের বাড়ি চলে যান। তারপর আর আসেননি। বর্তমানে তাঁদের পাঁচ বছরের একটি মেয়ে রয়েছে। সেই মেয়েটি তাঁর স্ত্রীর কাছেই থাকে। তাই মেয়ের কথা ভেবে শচীন স্ত্রীকে নিজের বাড়িতে আনার জন্য অনেকবার গিয়েছিলেন। কিন্তু স্ত্রী আসেননি। তবুও শচীন প্রতিমাসে স্ত্রীকে টাকা পাঠাতেন। 
পরিবারের সদস্যরা জানান, চারদিন আগে শচীন চেন্নাই থেকে বাড়ি এসেছিলেন। বাড়িতে আসার পর থেকে তিনি মানসিক অবসাদে ভুগছিলেন। কারোর সঙ্গে ঠিকমতো কথা বলছিলেন না। এদিন দরজা না খোলায় সকলের সন্দেহ হয়। গ্রামবাসী ও পরিবারের সদস্যরা পুলিসকে খবর দেয়। পুলিস এসে দরজা ভেঙে শচীনকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে। সেখান থেকে তাঁকে মুরাডি ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করা হয়েছে। এদিন দেহটি ময়নাতদন্তের জন্য পুরুলিয়া পাঠানো হয়।
সম্পর্কিত সংবাদ