Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

স্টল বানিয়ে ফুড ফেস্টিভ্যালের মাধ্যমে খুদেদের ব্যতিক্রমী শিশু দিবস পালন

স্টল বানিয়ে ফুড ফেস্টিভ্যালের মাধ্যমে খুদেদের ব্যতিক্রমী শিশু দিবস পালন
  • ১৫ নভেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, বক্রেশ্বর: দুষ্টু দস্যিদের রান্নাঘর, উদরপূর্তির ঠিকানা, ভোজনরসিক ডট কম— এই নামগুলি শুনলে মনে হতে পারে কোনও নামী খাবারের রেস্তরাঁ কিংবা হোটেল। কিন্তু জানেন এগুলির ঠিকানা কোথায়? বক্রেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্রের টাউনশিপ অঞ্চল। কিন্তু সারাবছর গেলে অবশ্য এগুলো থাকবে না। কেবল মাত্র একটি দিনই থাকছে এই রেস্তরাঁগুলি। শিশু দিবসের দিন তাপবিদ্যুৎ কেন্দ্রের কর্মী ও স্থানীয় বাসিন্দাদের বাড়ির খুদেরা খাবার বানিয়ে অস্থায়ীভাবে আলাদা আলাদা স্টল দিয়েছে। আর প্রতিটি স্টলের এমনই সব চমকপ্রদ নাম দিয়েছে তারা। বৃহস্পতিবার সন্ধ্যায় খুদেদের ফুড ফেস্টিভ্যাল জমে উঠল বক্রেশ্বরে। জানা গিয়েছে, তাপবিদ্যুৎ কেন্দ্রের স্থায়ী, অস্থায়ী কর্মী, আশপাশের মানুষজন এদিন বিকাল থেকেই বক্রেশ্বর টাউনশিপ এলাকায় হাজির হয়ে যান। তাঁদেরই বাড়ির খুদেরা বিভিন্ন স্টল বসিয়েছে। মোট ১৭টি স্টল দিয়েছে ৪৮ জন খুদে। শিশু দিবসের দিন খাবার ব্যবস্থা করে তা বিক্রি করে আনন্দ উপভোগ করাই উদ্দেশ্য। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের আনন্দবাজার অনুষ্ঠানের মতোই জমে ওঠে খুদেদের এই আয়োজন। মেলায় গিয়ে দেখা গেল, প্রত্যূষা, ঐশানিদের হ্যাংলা হেঁশেলে পাটি সাপ্টা, ডিমের ডেভিল বিক্রি হচ্ছে। খাই খাই ডিপার্টমেন্ট স্টলে নুডুলস, ক্রিপসি পটাটো বিক্রি করছে গৌরব, প্রথমা। আবার খানিক দূরেই ভোজনরসিক ডট কম স্টলে মনস্বিতা, রূপদর্শীরা ফুচকা, চাউমিন বিক্রি করছে। দামও ছিল একেবারে হাতের নাগালে। মাত্র ২০ থেকে ২৫ টাকা খরচ করলেই সন্ধ্যাতে পেট ভরে যাবে যে কারও। শুধু তাপবিদ্যুৎ কেন্দ্রের মানুষজন বলে নয়, আশপাশের স্থানীয় বাসিন্দারা মেলাতে হাজির হয়ে খুদেদের স্টলে ঘুরে ঘুরে খান। সবশেষে দেখা যায় খুদেদের মুখে বিরাট এক প্রশান্তির ছাপ। হয়তো তাদের পিছনে বাড়ির বড়রা রয়েছেন কিন্তু স্টল পুরোভাগে সামলাল খুদেরাই। শিশু দিবসের দিন তাদের এই আয়োজন মন কেড়েছে অনেকেরই। মানুষজনকে খাইয়ে ও নিজ হাতে দায়িত্ব সামলানোর মধ্যে ‘জয়ফুল লার্নিং’ এর দিকটি তুলে ধরছেন সরকারি কর্মীরাও। 
Advertisement
তাপবিদ্যুৎ কেন্দ্রের জেনারেল ম্যানেজার প্রদীপ্ত মুখোপাধ্যায় বলেন, ছোটরা সব থাকবে স্টলে, আসুন খেতে সদলবলে, এই বলে ওদের একটা স্টলে প্রচার হতে দেখলাম। বাচ্চাগুলো আনন্দ করে সব আয়োজন করেছে এটাই তো বড় প্রাপ্তি।
অন্যদিকে এদিন জেলাজুড়েই যথা মর্যাদায় শিশু দিবস পালন করা হয়। জেলা প্রশাসনের উদ্যোগে সিউড়ির রবীন্দ্রসদনে একটি মনোজ্ঞ অনুষ্ঠান হয়। জেলাশাসক বিধান রায়, জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ, বিধায়ক বিকাশ রায়চৌধুরী সহ প্রশাসনের অন্যান্য আধিকারিকরা উপস্থিত ছিলেন। এইদিনটির গুরুত্ব সকলের সামনে তুলে ধরা হয়। এছাড়াও জেলার বিভিন্ন দিকে স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগেও শিশুদের নিয়ে অনুষ্ঠান চলে।
সম্পর্কিত সংবাদ