Bartaman Logo
১০ জুন, ২০২৬

সুটকেসে মহিলা কংগ্রেস কর্মীর দেহ

সুটকেসে মহিলা কংগ্রেস কর্মীর দেহ
  • ৩ মার্চ, ২০২৫ ০০:০০
Prefer us on Google
চণ্ডীগড়: রাহুল গান্ধীর সঙ্গে ভারত জোড়ো যাত্রায় দেখা গিয়েছিল তাঁকে। ২২ বছরের সেই কংগ্রেস কর্মী হিমানী নারওয়ালের দেহ উদ্ধার ঘিরে জোর রাজনৈতিক বিতর্ক দেখা দিল হরিয়ানায়। শনিবার রোহতক-দিল্লি হাইওয়ের সাম্পলা বাসস্ট্যান্ডের কাছে একটি সুটকেসে ২২ বছরের হিমানীর দেহ উদ্ধার হয়। পুলিস সূত্রে জানানো হয়েছে, সাম্পলা বাসস্ট্যান্ড থেকে মাত্র ২০০ মিটার দূরে পরিত্যক্ত সুটকেসটি লক্ষ্য করেন বেশ কয়েকজন যাত্রী। পুলিস এসে হিমানীর দেহ উদ্ধার করে। রোহতক পুলিসের মুখপাত্র সানি লৌরা বলেন, ‘হিমানীর গলায় আঘাতের চিহ্ন ছিল। তা থেকে বোঝা যায় যে তাঁকে শ্বাসরোধ করে খুন করা হয়েছে।’ তিনি বলেন, ‘আমাদের ধারণা, দেহ সুটকেসে ভরে এখানে ফেলে দেওয়ার আগে তাঁকে অন্যত্র হত্যা করা হয়। সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে দেখা হচ্ছে, কখন সুটকেসটি ঘটনাস্থলে ফেলে রাখা হয়েছিল।’  
Advertisement
হিমানীর মৃত্যুর তদন্তের দাবি জানালেন প্রবীণ কংগ্রেস নেতা ভূপিন্দর সিং হুডা। রবিবার তিনি বলেন, ‘তাঁর মৃত্যুতে দলের কেউ জড়িত কি না, যথাযথ তদন্তের পরই তা জানা যাবে। তাঁর দেহ এখন মর্গে রয়েছে। স্থানীয় কংগ্রেস বিধায়ক ভরত ভূষণকে তাঁর পরিবারের সঙ্গে যোগাযোগ রাখতে বলেছি।’ হিমানীর মৃত্যু প্রসঙ্গে বিজেপি সরকারের দিকে আঙুল তুলেছেন ভূপিন্দর। তিনি বলেন, মহিলাদের বিরুদ্ধে অপরাধের বিচারে শীর্ষস্থান দখল করেছে হরিয়ানা। 
এদিকে, হিমানী নারওয়ালের মা সবিতা বলেন, কংগ্রেসের মধ্যে অনেকের চক্ষুশূল হয়ে উঠেছিল মেয়ে। দলেরই কেউ মেয়েকে খুন করে থাকতে পারে। তাঁর কথায়, ‘হিমানীর রাজনৈতিক উত্থানে অনেকেই ভয় পেয়ে গিয়েছেলেন।’ হরিয়ানার প্রভাবশালী হুডা পরিবারের সঙ্গে সুসম্পর্ক স্থাপন করেছিলেন হিমানী। তিনি বলেন, ‘রাহুল গান্ধীর সঙ্গে মেয়েকে দেখে অনেকেই ঈর্ষায় জ্বলে গিয়েছিল।’ সবিতা বলেন, ২৭ ফেব্রুয়ারি শেষবার মেয়ের সঙ্গে তাঁর কথা হয়। পরের দিন প্রবীণ কংগ্রেস নেতা ভূপিন্দর সিং হুডার জনসভা ছিল। সেই নিয়ে প্রস্তুতি নিচ্ছিলেন হিমানী। পরের দিন থেকে আর তাঁর সঙ্গে যোগাযোগ করা যায়নি। তাঁর ফোন স্যুইচড অফ ছিল। সুবিচার না পাওয়া পর্যন্ত তিনি মেয়ের শেষকৃত্য সম্পন্ন করবেন না বলে সাফ জানিয়েছেন সবিতা।
Advertisement
সম্পর্কিত সংবাদ