নয়াদিল্লি, ১১ নভেম্বর: গতকালের পর আজও খোঁজ মিলল না ছোট্ট ইমরানের। গতকাল বিকেলে চার বছরের শিশুকে নিয়ে পার্কে গিয়েছিলেন মা। কিন্তু সেখানে এমন বিপদ অপেক্ষা করছে, তা ঘুণাক্ষরেও টের পাননি তিনি। হঠাৎই ছোট্ট ছেলে পড়ে যায় নর্দমায়। তারপর থেকে আর তার খোঁজ মেলেনি। ঘটনাটি ঘটেছে দিল্লির বাপরোলা এলাকায়। গতকাল পুলিশ, দমকল ও স্থানীয় ডুবুরীরা মিলে উদ্ধারকাজ চালান। কিন্তু সাত ঘণ্টা খোঁজাখুঁজি চলার পরও শিশুটিকে উদ্ধার করা যায়নি। অন্ধাকার হয়ে যাওয়ার জন্য কাল রাতে উদ্ধার কাজ বন্ধ করে দেওয়া হয়। আজ সকালে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীও এই উদ্ধারকাজে যোগ দেন।
ইমরান মায়ের সঙ্গে পার্কে খেলতে গিয়েছিল। তখন শিশুটি একটি খোলা নর্দমার পাশে প্রস্রাব করতে যায়। কিন্তু অসাবধানতাবশত ওই নর্দমায় পড়ে যায়। আশেপাশের লোকজন ছুটে আসে। তৎক্ষণাৎ তাঁরা পুলিশে খবর দেওয়া হয়। শিশুটিকে উদ্ধারের জন্য উন্নত প্রযুক্তির ক্যামেরা সহ ভারী যন্ত্রপাতি ও পাম্প ব্যবহার করা হচ্ছে বলে জানা গিয়েছে। নর্দমার ভিতরের পরিস্থিতি জটিল বলে উদ্ধারকাজে সমস্যা হচ্ছে। সময় যত গড়াচ্ছে উদ্বেগ ততই বাড়ছে পরিবারের সদস্যদের। শিশুটিকে নিরাপদে ফিরিয়ে আনার আশায় এই উদ্ধারকাজের দিকেই তাকিয়ে রয়েছেন তাঁরা।



