নয়াদিল্লি, ১১ নভেম্বর: দুর্গাপুজো হোক কিংবা নবরাত্রী অথবা দীপাবলি, গোটাদেশজুড়ে এখন উৎসবের মরসুম। সামনেই আবার ক্রিসমাস। কিন্তু তার আগেই পকেটে বড়ো ধাক্কা! আগামীকাল, বৃহস্পতিবার থেকেই বাড়ছে দুধের দাম। লিটার প্রতি ২ থেকে ৪টাকা বাড়তে পারে বলেই সূত্রের খবর। দাম বৃদ্ধির খবর পেতেই মাথায় হাত ব্যবসায়ী-সহ ক্রেতাদের। দেশের অন্যতম বড় দুগ্ধ সংস্থা মাদার ডেয়ারি। তাদের তরফেই দুধের দাম বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে ১২ নভেম্বর থেকে।
পিটিআই সূত্রের খবর, দুধ উৎপাদন ও কৃষকদের থেকে তা সংগ্রহ করার খরচ ক্রমাগত বৃদ্ধি পাওয়ার জেরে অবশেষে দুধের দাম বাড়াতে বাধ্য হয়েছে মাদার ডেয়ারি। এর আগে চলতি বছরের মে মাসেই দুধের দাম বাড়ানো হয়। তারও আগে ২০২৫ সালের এপ্রিল মাসে দাম বাড়ানো হয় দুধের। তবে এই মূল্যবৃদ্ধির বিষয়ে মাদার ডেয়ারির মুখপাত্র অবশ্য কোনো মন্তব্য করতে অস্বীকার করেছেন।
মাদার ডেয়ারি দুধের মূল্যবৃদ্ধির কারণে টোনড মিল্ক-র (বাল্ক) দাম ৫৮ টাকা থেকে বেড়ে হয়েছে ৬০ টাকা। ফুল ক্রিম দুধের (পাউচ) দাম ৭২ টাকা থেকে বেড়ে হল ৭৬ টাকা। অন্যদিকে টোনড মিল্ক-র (পাউচ) দাম ৬০ টাকা থেকে বেড়ে হয়েছে ৬২ টাকা। ডাবল টোনড মিল্ক-র দাম ৫৪ টাকা থেকে বেড়ে ৫৬ টাকা। এছাড়াও গরুর দুধের দাম ৬২ টাকা থেকে বেড়ে হলো ৬৫ টাকা। তবে এই নতুন দাম আপতত কার্যকর হবে দিল্লি-এনসিআর সংলগ্ন এলাকায়।
পিটিআইয়ের একটি রিপোর্টে উল্লেখ করা হয়েছে, বর্তমানে দেশজুড়ে মাদার ডেয়ারির দুধ বিক্রির পরিমাণ ৫০ লক্ষ লিটারেরও বেশি। সেখানে দিল্লি-এনসিআর সংলগ্ন বাজারেই ৩৫ লক্ষ লিটার দুধ বিক্রি করে তারা। সেখানে এই মূল্যবৃদ্ধির কারণে মাথায় হাত ব্যবসায়ী-সহ ক্রেতাদের।



