কেদারনাথ, ১১ নভেম্বর: বন্ধ হয়ে গেল বাবা কেদারনাথের দরজা। পঞ্চমুখী পালকিতে চেপে মহাদেব চললেন উখিমঠের ওঙ্কারেশ্বর মন্দিরে। ভক্তদের চোখে জল। ‘হর হর মহাদেব’ ধ্বনিতে মুখরিত মন্দির চত্বর। শীতকালে বরফে ঢেকে যায় গোটা এলাকা, তাই যেকোনো ধরনের বিপদ এড়াতে প্রতিবছরের মতো এবছরও এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে কর্তৃপক্ষের তরফে।
দ্বাদশ জ্যোতির্লিঙ্গের অন্যতম কেদারনাথ ধাম। প্রত্যেক বছর দীপাবলির দু’দিন পরে অর্থাৎ ভাইফোঁটার দিন বাবা কেদার যাত্রা শুরু করেন উখিমঠের দিকে। তার আগের দিন যাবতীয় রীতি মেনে জ্যোতির্লিঙ্গের অভিষেক করা হয়। করা হয় বিশেষ যজ্ঞ। চলে বিশেষ পুজোও। বিশেষ অলঙ্কারে সজ্জিত হন মহাদেব। এরপরে শোভাযাত্রা যা কিনা পরিচিত পঞ্চমুখী ডোলি নামে, তাতে করে বাবা কেদারকে নিয়ে যাওয়া হয় ওঙ্কারেশ্বর মন্দিরে। গোটা শীতকাল বাবা কেদার সেখানেই পূজিত হবেন। সেখানেই দর্শন মিলবে তাঁর।
ইতিমধ্যেই তুষারপাত শুরু হয়েছে কেদারনাথ ধামে। সেখানে এখন হাড়কাঁপানো ঠান্ডা। কিছুদিন আগেই পুরু বরফের স্তর দেখা গিয়েছিল মন্দির চত্বরে। শীতে মোটামুটি বরফের চাদরে ঢাকা থাকে কেদারনাথ মন্দির। সেই কারণে ভাইফোঁটা থেকে অক্ষয় তৃতীয়া, এই ছয় মাস মন্দির বন্ধ রাখা হয়। ভিতরে জ্বালিয়ে দেওয়া হয় অখণ্ড প্রদীপ। বিশ্বাস করা হয়, বন্ধ মন্দিরের ভিতরে, টানা ছয় মাস ওই প্রদীপ জ্বলতে থাকে। ভক্তরা বলেন, এই একটানা ছয় মাস স্বর্গলোক থেকে নাকি দেবতারা নেমে এসে বাবা কেদারের আরাধনা করেন।
প্রতিবছরের মতো এবছরও প্রথা মেনে সকাল ৮টা ৩০ মিনিটে বন্ধ করে দেওয়া হয় কেদারনাথ মন্দিরের কপাট। এই উৎসব দেখতেও হাজার হাজার মানুষ সেখানে যান। সেজে ওঠে গোটা মন্দির। গতকাল অর্থাৎ মঙ্গলবার রুদ্রপ্রয়াগের জেলাশাসক (ডিএম) বিশাল মিশ্র জানিয়েছেন, কেদারনাথ ধামে ১০ নভেম্বর পর্যন্ত প্রায় ১৯ লক্ষ ৭ হাজার ভক্ত বাবা কেদারের দর্শনে করেছেন। পুজো দিয়েছেন। এছাড়াও এই বিশেষ উৎসবের দিনে প্রায় ২০০০ কেজিরও বেশি ফুল নিয়ে আসা হয়েছে কেবল কেদারনাথ ধামকে সাজানোর জন্য।
প্রত্যেক বছর এই ঐতিহ্যবাহী রীতি মেনে ‘পঞ্চমুখী ডোলি’ উখিমঠের দিকে রওনা দেয়। যা প্রায় দু’দিন পরে ওঙ্কারেশ্বর মন্দিরে গিয়ে পৌঁছয়। এরপরে আগামী ছয় মাস শীতকালীন বাবা কেদারের পুজো সেখানেই করা হবে।



