গুয়াহাটি, ১১ নভেম্বর: ভাইফোঁটা সকালে ভয়াবহ রেল দুর্ঘটনা কলকাতা-সাইরাং এক্সপ্রেসের। গুয়াহাটি স্টেশন ছেড়ে বেরোনোর পর ৩০ কিলোমিটার দূরে ডিগারুতে বেলাইন হয়ে যায় ট্রেনটি। ইঞ্জিনসহ ট্রেনের ছটি কামরা বেলাইন হয়।
সূত্রের খবর প্রাথমিক প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, ট্রেনটির যান্ত্রিক গোলযোগ দেখা দেয়। সঙ্গে সঙ্গে চালক তা জানায় পরবর্তী স্টেশন ডিগারুতে। এর পরেই ট্রেনটিকে লুপ লাইনে নেওয়া হয়। রেলের নিয়ম অনুযায়ী কোন ট্রেনের যদি যান্ত্রিক গোলযোগ দেখা যায় তখন তাকে লুপ লাইনে ফেলে ক্রমশ ধীর গতিতে নিয়ে আসা হয়। এর ফলে ট্রেনের কোন কোচ যদি বেলাইন হয় তাতে ক্ষয়ক্ষতির পরিমাণ কম হয়। এক্ষেত্রেও তাই করা হয়েছে বলে রেল সুত্রে খবর। তার ফলে ছয়টি কামরা লাইনচ্যুত হলেও প্রাণহানির কোনো ঘটনা ঘটেনি। তবে বেশ কিছু যাত্রী আহত হয়েছেন। কয়েকজন গুরুতর ভাবে জখম। তাদের সবাইকেই চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছেন নর্থ ফ্রন্টিয়ার রেলওয়ের আধিকারিকরা। ট্রেনে থাকা যাত্রীদের উদ্ধার করে বাইরে আনা হয়েছে। ট্রেনটি কলকাতা থেকে মিজোরামের সাইরাংয়ে যাচ্ছিল। গন্তব্যে পৌঁছানোর কথা ছিল আজ বিকেলে।



