Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

সিতাইয়ে হেভিওয়েট কেউ এলেন না বাড়ি বাড়ি প্রচার হয়েছে, দাবি বিজেপির

সিতাইয়ে হেভিওয়েট কেউ এলেন না বাড়ি বাড়ি প্রচার হয়েছে, দাবি বিজেপির
  • ১২ নভেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, কোচবিহার: সিতাই উপ নির্বাচনে বিজেপি শেষ বেলাতেও প্রচারে নজর কাড়তে পারল না। জেলা নেতৃত্বের মাটি কামড়ে প্রচার কিংবা দলের রাজ্য শীর্ষ নেতৃত্বের প্রচারে আসা, কোনওটাই দেখা গেল না সিতাইয়ের নির্বাচনী প্রচারে। তৃণমূল কংগ্রেসের দাবি, এই আসনটি ধরাছোঁয়ার বাইরে রেখে দিয়েছে ওরা। যদিও বিজেপির পাল্টা দাবি, তারা বাড়ি বাড়ি প্রচারের জোর দিয়েছিল। এদিকে, জেলার বিধায়কদের মধ্যে দু’জন পাশের জেলা আলিপুরদুয়ারের মাদারিহাট উপ নির্বাচনের প্রচারের দায়িত্বে ছিলেন। বাকি বিধায়করা মাঝেমধ্যে সিতাই এসে প্রচার করে যান। জলপাইগুড়ির বিজেপি সাংসদ ডাঃ জয়ন্তকুমার রায় সিতাইয়ের প্রচারে ছিলেন। এদিকে, তৃণমূল প্রথম থেকেই সিতাই উপ নির্বাচনের প্রচার নিয়ে যথেষ্ট ‘সিরিয়াস’ ছিল। জেলার প্রথম সারির নেতারা নিয়মিত প্রচার করে যান। মন্ত্রী শশী পাঁজা, পুলক রায় সিতাইতে প্রচার সেরে গিয়েছেন। শেষবেলায় ইউসুফ পাঠান এসে রোডশো করে যান। কোচবিহারের সাংসদ জগদীশচন্দ্র বর্মা বসুনিয়া সোমবার বলেন, প্রচারের শেষ বাজারে ইউসুফ পাঠান সিতাইতে এসে শেষ বলে ছক্কা হাঁকিয়ে গেলেন। ভোট ঘোষণার দিন থেকে আমরা প্রচারের ময়দানে ছিলাম। বিরোধীদের চোখে পড়েনি। আসলে ওরা জেনেই গিয়েছে এখানে সুবিধা করতে পারবে না। তাই মাঠ ছেড়ে দিয়েছে। 
Advertisement
বিজেপির কোচবিহার জেলা সভাপতি সুকুমার রায় বলেন, আমরা বেশকিছু পথসভা করেছি। পদাধিকারীরা প্রচার করে গিয়েছেন। তৃণমূল পরিকল্পনা করছে যাতে মানুষ ভোট দিতে না পারে। দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের রবিবার আসার কথা ছিল। কিন্তু সময়ের অভাবে আসতে পারেননি। 
সম্পর্কিত সংবাদ