Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

সিতাইয়ে বিজেপি প্রার্থীর সমর্থনে প্রচার দিলীপের, জমল না একটি সভাও

সিতাইয়ে বিজেপি প্রার্থীর সমর্থনে প্রচার দিলীপের, জমল না একটি সভাও
  • ৭ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, দিনহাটা: বুধবার দিনভর সিতাই বিধানসভায় প্রচার করলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। বিজেপি প্রার্থী দীপক কুমার রায় ও তুফানগঞ্জের বিধায়ক মালতী রাভাকে সঙ্গে নিয়ে তিনি প্রচার করেন। পরবর্তীতে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিক তাঁদের সঙ্গে প্রচারে যোগ দেন। তাঁরা বেশ কয়েকটি পথসভাও করেন। তবে লোকের অভাবে একটি সভাও জমেনি। একদা সিতাই বিধানসভায় বিজেপির শক্ত ঘাঁটি ছিল ভেটাগুড়ি, মাতালহাট, গোসানিমারি। সেখানেই উপ নির্বাচনে রক্তক্ষরণ কমাতে দিলীপবাবুর আগমন। তিনি গোসানিমারি বাজারে নির্বাচনী সভা করে কলকাতায় রওনা দেন। 
Advertisement
সেই সভায় উত্তরপ্রদেশ, মহারাষ্ট্রের মতো এই রাজ্যেও অপরাধীদের হয় জেলে না হয় উপরে পাঠানোর দাবি তোলেন দিলীপবাবু। আর জি কর আন্দোলনকেও তিনি কটাক্ষ করেন। তিনি বলেন, আর জি কর আসলে বাম কংগ্রেসের মমতা বাঁচাও আন্দোলন। এদিকে, এই সভায় এবারের লোকসভা নির্বাচনে হারার জন্য জেলাশাসক ও পুলিস সুপারকে দায়ী করেন নিশীথ প্রামাণিক। প্রচারে কম লোক প্রসঙ্গে দিলীপবাবু বলেন, ২০১৬ সালের প্রচারে সিতাইয়ে আমরা লোক খুঁজে পাইনি। ২০১৯ এর লোকসভায় জেতার পরে হাজার হাজার মানুষ নিয়ে সিতাইয়ে আমি বৈঠক করেছি। এবারে লোকসভায় আমাদের প্রার্থী হেরেছেন। তৃণমূলের অত্যাচার বেড়েছে আমাদের নেতা-কর্মীদের উপর। তবে সিবিআইয়ের দাওয়াইয়ে অনুব্রত শুকিয়ে কলাগাছ হয়েছে। উত্তরপ্রদেশ, মহারাষ্ট্রে অপরাধীদের হয় জেলে ভরা হয়, না হলে উপরে পাঠানো হয়। আমরা ক্ষমতায় এলে বাংলাতেও সেটাই হবে। আর জি কর আন্দোলন আসলে মমতা বাঁচাও আন্দোলন। বাম, কংগ্রেস জানে মমতা সরলে বিজেপি আসবে, সেই কারণেই তারা মমতার পদত্যাগ দাবি করছে না। 
তৃণমূল কংগ্রেসের কোচবিহারের সাংসদ জগদীশ বসুনিয়া বলেন, কোচবিহার সহ বাংলার মানুষ প্রত্যাখ্যান করেছে নিশিথ প্রামাণিক, দিলীপ ঘোষকে। বিজেপি প্রার্থী তিন বার পরাজিত হয়েছেনন সিতাইয়ে। এই তিন হেরো মিলে প্রচারে আসায় বিজেপির হাল আরও শোচনীয় হবে।
সম্পর্কিত সংবাদ