সংবাদদাতা, হলদিয়া: বুধবার সুতাহাটা মাধ্যমিক শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির বিদ্যাসাগর ভবনে আন্তঃবিদ্যালয় মেধাবৃত্তি পরীক্ষা ২০২৪-এর ফলাফল প্রকাশিত হয়েছে। সমিতির সভাপতি প্রাক্তন শিক্ষক রাধাকান্ত চক্রবর্তী ফল প্রকাশ করেন। তিনি বলেন, অবিভক্ত সুতাহাটায় ৪৯টি মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ও হাই মাদ্রাসা রয়েছে। ওই বিদ্যায়তনগুলির পঞ্চম থেকে নবম শ্রেণির ৬৬৮ জন ছাত্র ছাত্রী এবার মেধাবৃত্তি পরীক্ষায় বসেছিল। গত ২৭সেপ্টেম্বর বিবেকানন্দ মিশন আশ্রম শিক্ষায়তনে ওই পরীক্ষা হয়েছিল। সমিতির সাধারণ সম্পাদক দেবাশিস পাহাড়ী বলেন, আগামী ২ ফেব্রুয়ারি বাজিতপুর সারদামণি বালিকা বিদ্যালয়ে সমিতির বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সফল ৫০ জন পরীক্ষার্থীর হাতে পুরস্কার ও মানপত্র তুলে দেওয়া হবে।



