নিজস্ব প্রতিনিধি, আসানসোল: সোমবার স্থানীয়দের কাজের দাবিতে কুলটি থানার দামাগড়িয়ায় কয়লা খনির কাজ বন্ধ করে বিক্ষোভ দেখালেন বাসিন্দারা। কোল ইন্ডিয়ার অধীনস্ত বিসিসিএলের খনিতে কয়লা উত্তোলনের বরাত পেয়েছে একটি বেসরকারি সংস্থা। তারা কয়লা উত্তোলনের কাজ শুরু করেছে। স্থানীয়দের অভিযোগ, আগেও এই খনি থেকে কয়লা উত্তোলন হয়েছে। সেই সময়ে অন্য একটি বেসরকারি সংস্থা কয়লা উত্তোলন করত। তারা যে কর্মীদের কাজে নিযুক্ত করেছিল এই সংস্থা তাঁদের কাজে নেয়নি। তাঁদের কাজে নেওয়ার দাবিতেই এদিন বিক্ষোভ দেখান বাসিন্দারা। ওই সংস্থার আধিকারিক দেবাশিস চক্রবর্তী বলেন, ইতিমধ্যেই স্থানীয় সাতজনকে কাজে নেওয়া হয়েছে। পুরোপুরি কাজ শুরু হলে আরও নিয়োগ হবে। শুরুতেই কয়লা তোলার কাজে বাধা পেলে ভুল বার্তা যাবে।



