সংবাদদাতা, বাগডোগরা: বাগডোগরা বিমানবন্দরের নতুন টার্মিনালের কাজে স্থানীয়দের অগ্রাধিকার দিতে হবে। নির্মাণকারী সংস্থা বাইরে থেকে নির্মাণ সামগ্রী এনে কাজ করছে। বাইরে থেকে তারা শ্রমিকও নিয়ে আসছে। যাতে জমিদাতের কাজের সুযোগ দেওয়া হয় এবং স্থানীয়ভাবেই বালি, পাথর কেনা হয় সেই দাবি উঠল। শুক্রবার এ নিয়ে জমিদাতা পরিবারগুলি সহ স্থানীয়রা বিক্ষোভ দেখান বিমানবন্দরের মূল গেটের সামনে। জমি দেওয়া মুণিবস্তি, তরিভিটার বাসিন্দাদের অভিযোগ, বিমানবন্দরের নির্মাণ কাজে বাইরে থেকে শ্রমিক আনা হচ্ছে। পাশাপাশি নির্মাণ সামগ্রীও বাইরে থেকে ট্রাকে ট্রাকে আসছে। টার্মিনাল বানানোর সময় কর্মসংস্থান হবে বলে আশা করেছিলাম বলে জানান গ্রামবাসীরা। নির্মাণ কাজে ব্যবহৃত ডাম্পারে অবৈধভাবে ওভারলোড করে বালি, পাথর নিয়ে আসা হচ্ছে। তাঁদের দাবি, নির্মাণ কাজে ব্যবহৃত সামগ্রী স্থানীয়দের কাছ থেকে নিতে হবে এবং স্থানীয় শ্রমিকদের নির্মাণ কাজে রাখতে হবে।
Advertisement
আকাশ নাগেশিয়া নামে এক বাসিন্দা বলেন, বিমানবন্দর সম্প্রসারণের সময় স্থানীয়রা জমি দিয়ে আশা করেছিলেন কাজ পাবেন। তবে হতাশা ছাড়া কিছুই মেলেনি। দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তা জানান, শুনেছি কমিশনের বিনিময়ে ভুটান থেকে নির্মাণ সামগ্রী নিয়ে আসা হচ্ছে। স্থানীয়রা যাতে কাজের সুযোগ এবং নির্মাণ সামগ্রী সরবরাহের সুযোগ পায় সে নিয়ে কথা বলব।



