Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

স্থানীয় প্রতিষ্ঠানেও কাজের ব্যবস্থা করবে রাজ্য সরকার, রেস্তরাঁ ও গয়নার শোরুমের সঙ্গে প্রশাসনের যোগাযোগ

স্থানীয় প্রতিষ্ঠানেও কাজের ব্যবস্থা করবে রাজ্য সরকার, রেস্তরাঁ ও গয়নার শোরুমের সঙ্গে প্রশাসনের যোগাযোগ
  • ১০ জানুয়ারি, ২০২৫ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, কৃষ্ণনগর: বাড়ি থেকে দূরে না থেকে, নিজের এলাকাতেই যাতে বেকার যুবক-যুবতীরা কাজের সন্ধান পান, সেজন্য উদ্যোগী হয়েছে রাজ্য সরকার। তাই বড় বেসরকারি সংস্থার পাশাপাশি এবার বিভিন্ন স্থানীয় প্রতিষ্ঠানেও বেকার যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। জেলার নানা শহরের নামীদামি রেস্তরাঁ, গয়নার শোরুম সহ ছোটবড় নানা প্রতিষ্ঠানে যুবক-যুবতীদের কাজের সন্ধান দিতে নদীয়া জেলার প্রশাসন উদ্যোগী হয়েছে।
Advertisement
এজন্য এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ বা কর্মবিনিয়োগ দপ্তরের তরফে বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। যাতে সেসব প্রতিষ্ঠান ‘জব ড্রাইভ’ কর্মসূচিতে অংশ নেয়। সেখানে ওয়াক-ইন ইন্টারভিউয়ের মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ পাবেন যুবক-যুবতীরা। অনায়াসেই নিজের এলাকায় ১০-১২হাজার টাকার চাকরি পাবেন তাঁরা। অর্থাৎ কর্মপ্রার্থী ও সংস্থার মধ্যে মধ্যস্থতাকারীর ভূমিকা নেবে প্রশাসন।
জেলার এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের জয়েন্ট ডিরেক্টর অপূর্ব বিশ্বাস বলেন, আমরা একদম গ্রাউন্ড জিরো থেকে কাজ খুঁজে আনার চেষ্টা করছি। যাতে কর্মসংস্থানের পরিধি কোনও নির্দিষ্ট জায়গার মধ্যে সীমাবদ্ধ না থাকে। স্থানীয় বড় রেস্তরাঁ, অলঙ্কারের শোরুম সহ বিভিন্ন সংস্থার সঙ্গে আমরা যোগাযোগ করছি। তাদেরও জব ড্রাইভে আমন্ত্রণ জানানো হচ্ছে। যাতে সেখান থেকে বেকার যুবক যুবতীরা কর্মসংস্থানের নতুন দিশা খুঁজে পেতে পারেন।
কৃষ্ণনগর শহর ও শহরতলিজুড়ে বহু বড় বড় রেস্তরাঁ রয়েছে। বিশেষত জাতীয় সড়কের ধারে নামীদামি রেস্তরাঁর সংখ্যা বেশি। শহরের ভিতরে অনেক বড় গয়নার শোরুম রয়েছে। এছাড়া, ছোটবড় গাড়ির শোরুম, বিভিন্ন ইলেকট্রনিক্স সামগ্রীর ঝা চকচকে আউটলেট চোখে পড়ে। সেসব জায়গায় রিসেপশনিস্ট, কাস্টমার কেয়ার, অ্যাকাউন্টস সেকশন সহ নানা কাজে মাঝেমধ্যেই লোক নেওয়া হয়। এতদিন সেসব জায়গায় কর্মসংস্থানের তেমন কোনও সুনির্দিষ্ট ব্যবস্থা ছিল না। অনেকক্ষেত্রে সংস্থার পরিচিত লোকজনের মাধ্যমেই কাজ দেওয়া হতো। ফলে নিজেদের এলাকায় কাজ খুঁজতে গিয়ে বেকার যুবকরা হয়রান হতেন।
তাই এবার রাজ্য সরকার সেসব প্রতিষ্ঠানে স্থানীয় বেকার যুবক যুবতীদের কর্মসংস্থানে উদ্যোগী হয়েছে। এজন্য প্রশাসনের তরফে ওই সমস্ত প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। যাতে রাজ্য সরকারের উদ্যোগে শুরু হওয়া জব ড্রাইভ কর্মসূচিতে তারা অংশ নেয়। সেই জব ড্রাইভের নির্দিষ্ট দিনে প্রশাসনের তরফে বেকার যুবক-যুবতীদের ফোন করে ডাকা হবে। তার জন্য এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক পোর্টাল রয়েছে। সেখানে বেকার যুবক-যুবতীরা নিজেদের নাম রেজিস্টার করেন। সেই পোর্টালের লিস্ট ধরেই চাকরিপ্রার্থীদের জব ড্রাইভে ওয়াক-ইন ইন্টারভিউতে আসার জন্য আমন্ত্রণ জানানো হবে। ইন্টারভিউতে উত্তীর্ণ হলেই চাকরি মিলবে।
অনেকেই মনে করছেন, বেসরকারি সংস্থা নিজেদের মাধ্যমেও লোক নিতে পারে। সেক্ষেত্রে কর্মী ছাঁটাই করা হলে কারও কিছু বলার থাকে না। কিন্তু সরকারের মধ্যস্থতায় নিয়োগ হলে সেই সম্ভাবনা কম হবে।
সম্পর্কিত সংবাদ